আবারও নেটদুনিয়ার সমালোচনার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তবে এবার বিতর্কের কারণ কোনো মন্তব্য বা ব্যক্তিগত জীবন নয়, বরং তাঁর নতুন ছবি চাঁদ মেরা দিল-এ একটি ভরতনাট্যম নাচের দৃশ্য। ছবি মুক্তির পর থেকেই সেই দৃশ্যের ক্লিপ দ্রুত ভাইরাল হয়ে পড়ে সমাজমাধ্যমে, আর তা ঘিরেই শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং।
ভাইরাল হওয়া ভিডিওতে অনন্যাকে শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম পরিবেশন করতে দেখা যায়। কিন্তু নাচের মুদ্রা, অভিব্যক্তি এবং উপস্থাপনা নিয়ে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন। অনেকেই দাবি করেছেন, এত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী নৃত্যশৈলী উপস্থাপনের আগে আরও দীর্ঘ প্রশিক্ষণ নেওয়া উচিত ছিল অভিনেত্রীর। কেউ কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, “AI দিয়েও এর চেয়ে নিখুঁত নাচ তৈরি করা সম্ভব!”
ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে এসেছে বলিউডের স্বজনপোষণ বিতর্ক। সমালোচকদের একাংশের দাবি, প্রযোজক করণ জোহর এবং তাঁর প্রযোজনা সংস্থার সমর্থনেই অনন্যা বারবার বড় বাজেটের ছবিতে সুযোগ পাচ্ছেন। তাঁদের মতে, ইন্ডাস্ট্রিতে বহু প্রশিক্ষিত ও প্রতিভাবান নতুন শিল্পী সুযোগের অপেক্ষায় থাকলেও ‘স্টার কিড’ হওয়ার সুবিধা পাচ্ছেন অনন্যারা।
যদিও এই বিতর্ক বা ট্রোলিং নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অনন্যা পাণ্ডে। তবে ‘চাঁদ মেরা দিল’-এর এই ভরতনাট্যম দৃশ্য যে ছবির থেকেও বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে, তা বলাই যায়।







