কলকাতা: শনিবার থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর। এই সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, কৃষি সংক্রান্ত একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সূচনা, পিএম-কিষানের ২৩তম কিস্তি প্রদান, আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ এবং কলকাতা বন্দরে তিনটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক কমিশনিংয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।
রাজ্যে আসার আগে বাংলায় একটি এক্স পোস্ট করে নিজের সফরসূচি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানের বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে এই অঞ্চলের ঐতিহাসিক যোগসূত্র এবং বাংলার সংস্কৃতি রক্ষায় তাঁর অবদানের কথা উল্লেখ করে তারকেশ্বরকেই উদযাপনের কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে।
তারকেশ্বর থেকেই দেশের কৃষকদের জন্য পিএম-কিষান প্রকল্পের ২৩তম কিস্তির অর্থ বিতরণ করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ডিজিটাল কৃষি মিশনের আওতায় এগ্রি স্ট্যাক, ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এবং প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনার সূচনা করবেন। কেন্দ্রের দাবি, এই উদ্যোগগুলি দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের কৃষকদেরও বিশেষভাবে উপকৃত করবে।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে দিল্লি থেকে রওনা দিয়ে বেলা ১০টা ১৫ মিনিটে কলাইকুণ্ডায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। ওড়িশার ময়ূরভঞ্জে প্রশাসনিক কর্মসূচি সেরে বিকেলে তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। পরে কলকাতার লোকভবনে রাত্রিযাপন করবেন।
রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার পর কলকাতা বন্দরে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নির্মিত তিনটি যুদ্ধজাহাজ— আইএনএস দুনগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়কে আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরের মধ্যে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।







