কলকাতা: ‘ডিজে বাজানো’ মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য সিআইডিকে অনুমতি দিল বিধাননগর ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার সিআইডির আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশ দেয়। আগামী ৩০ জুন অভিষেকের ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে এক জনসভায় বিরোধীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব।” এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়।
অভিযোগ, ওই বক্তব্য উস্কানিমূলক এবং আইনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকর। সেই অভিযোগেই বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করেন। পরে মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে।
তদন্তে নেমে ইতিমধ্যেই ভবানী ভবনে ডেকে দীর্ঘ সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। তদন্তকারীরা তাঁর বক্তব্যের অডিও ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করেন। পাশাপাশি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়। সেখানে অভিষেকের ঘনিষ্ঠ আত্মীয় অদিতি গায়েনের বয়ানও রেকর্ড করা হয়েছে। তদন্তকারীদের দাবি, অভিষেকের সোশ্যাল মিডিয়া পরিচালনার সঙ্গে যুক্ত থাকায় তাঁর বক্তব্য মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
সিআইডির মতে, ভাইরাল অডিও-ভিডিওর সত্যতা যাচাই এবং বক্তব্যের উৎস নিশ্চিত করতেই ভয়েস স্যাম্পল অত্যন্ত জরুরি। আদালতের অনুমতির পর আগামী ৩০ জুনের এই পরীক্ষা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে পারে বলে মনে করা হচ্ছে।







