পুলিশের দাবি, অস্ত্র ছিনিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত। নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। পুলিশের দাবি, অপরাধস্থলের পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। এরপর আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে গুরুতর জখম হয় সে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ৮ জুলাই রাত প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ বারুইপুর থানার মামলা নম্বর ১৩৫০/২৬-এর তদন্তকারী আধিকারিক (IO) এবং তাঁর টিম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুর এলাকায় যায়। সেখানে ঘটনার পুনর্নির্মাণের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল।
পুলিশের দাবি, পুনর্নির্মাণ শুরুর ঠিক আগেই প্রভাস মণ্ডল এক পুলিশকর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়। এরপর পুলিশ দলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। সেই গুলিতেই আহত হয় অভিযুক্ত।
এরপর দ্রুত তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পুরো বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। যদিও পুলিশ জানিয়েছে, তদন্তের নিয়ম মেনেই পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে।







