নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ আরও শক্তিশালী হচ্ছে। রেলবোর্ড সম্প্রতি রানাঘাট-বনগাঁ রেলপথে ৩৯৬ কোটি টাকার ডবল লাইন প্রকল্প অনুমোদন করেছে। শিয়ালদহ শাখার এই রুটে রয়েছে কুপার্স হল্ট, নব রায়নগর হল্ট, গঙ্গাপুর, মাঝেরগ্রাম, আকাইপুর হল্ট, গোপালনগর ও সতবেড়িয়া স্টেশন।
ডবল লাইনের কাজ সম্পন্ন হলে ৩২.৯৩ কিলোমিটার রেলপথে ৯টি স্টেশন ও ২টি লিমিটেড হাইট সাবওয়ে তৈরি হবে। রানাঘাট ও বনগাঁ জংশনের মধ্যে দুটি নতুন স্টেশনও নির্মাণ করা হবে।
রেলের হিসাব অনুযায়ী, ডবল লাইন চালু হলে দুই দিক মিলিয়ে আরও ১০ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করতে পারবে, যা রেলের অতিরিক্ত আয় আনুমানিক ৮.৬৬ কোটি টাকা বাড়াবে।
রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত বনগাঁ হয়ে সম্প্রতি চালু হওয়া এসি ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা যাত্রী সেবাকে ইতিমধ্যেই আরও উন্নত করেছে। ডবল লাইনের কাজ শেষ হলে অঞ্চলটির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি মিলবে।







