নারীদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে পশ্চিমবঙ্গ সরকারের চালু করা অন্নপূর্ণা যোজনা বুধবার থেকে কার্যকর হতে চলেছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রথম দফায় ১,০৯,৫২,৩৭৮ জন অনুমোদিত সুবিধাভোগীর আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে মাসিক ৩,০০০ টাকা করে পাঠানো হবে।
এই উপলক্ষে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রীর। একইসঙ্গে রাজ্যের বিভিন্ন বিডিও, এসডিও, ডিএম এবং পুরসভা অফিস থেকে ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বহু সুবিধাভোগী। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতা—এই পাঁচ জেলার বহু মহিলা সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই ১.৬ কোটিরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম জমা দিয়েছেন। আবেদনকারীদের তথ্য যাচাই, শারীরিক অনুসন্ধান এবং ডিজিটাল ভেরিফিকেশনের কাজও সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে অনুমোদিত আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
কীভাবে দেখবেন আবেদন স্ট্যাটাস?
অন্নপূর্ণা যোজনায় আপনার আবেদন অনুমোদিত হয়েছে কি না, তা জানতে—
সরকারি সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে প্রবেশ করুন।
Citizen Login বা Check Status অপশনে ক্লিক করুন।
নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে OTP যাচাই করুন।
এরপর আধার নম্বর দিয়ে সার্চ করুন।
স্ক্রিনে আবেদন নম্বর, নাম এবং Approved বা Pending স্ট্যাটাস দেখা যাবে।
সরকার জানিয়েছে, শুধুমাত্র আধার-সংযুক্ত ও যাচাইকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই DBT-এর মাধ্যমে টাকা পাঠানো হবে। কোনও নথি বা আধার সংযুক্তিকরণে সমস্যা থাকলে সংশ্লিষ্ট বিডিও, এসডিও, কেএমসি ওয়ার্ড অফিস বা পুরসভার সঙ্গে যোগাযোগ করে তা সংশোধন করতে হবে।
সরকারের দাবি, অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদানের ক্ষেত্রে দরিদ্রতম পরিবার, বস্তি এলাকা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অধ্যুষিত অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হবে। অনুমোদনের প্রক্রিয়া চলমান থাকায় আগামী দিনেও নতুন সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা হবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত কয়েকজন উপভোক্তাও। তাঁদের মধ্যে শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, সঙ্গীতা বাসুনিয়া ও পিয়া পাল জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েই তাঁরা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।







