ক্রাইম

পরিচয় গোপন করে প্রেমের অভিযোগ, ব্ল্যাকমেইলের পর যুবতীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

পরিচয় গোপন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলা, পরে আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ। শেষ পর্যন্ত গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক যুবতী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া এলাকায়। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে হাড়োয়া থানায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বছর আঠারোর ওই যুবতীর সঙ্গে মাটিয়া থানা এলাকার এক যুবকের পরিচয় হয়েছিল। অভিযোগ, প্রথম থেকেই যুবক নিজের প্রকৃত পরিচয় গোপন রেখেছিলেন। সময়ের সঙ্গে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের দাবি, সেই সম্পর্কের সুযোগ নিয়ে যুবক একাধিকবার যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

পরবর্তীতে যুবকের প্রকৃত পরিচয় জানতে পেরে সম্পর্ক থেকে সরে আসতে চান যুবতী। অভিযোগ, তখনই তাঁর আপত্তিকর ছবি প্রকাশ্যে এনে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল শুরু করে অভিযুক্ত। পরিবারের সদস্যদের দাবি, এরপর থেকেই যুবতী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অধিকাংশ সময় নিজের ঘরে একাই থাকতেন এবং খুব কমই বাইরে বের হতেন।

পরিবারের অভিযোগ, গতকালও সারাদিন ঘরের দরজা বন্ধ ছিল। সন্ধ্যায় অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন পরিবারের সদস্যরা। সেখানে তাঁকে শাড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতার বাবা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতার মামার দাবি, অভিযুক্ত যুবক পরিকল্পিতভাবে তাঁর ভাগ্নিকে প্রতারণার ফাঁদে ফেলেছিল। পরিবারের সদস্যরা তাঁকে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শ দিলেও নানা উপায়ে আবার প্রভাবিত করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কেউ পরিচয় গোপন করে এভাবে কাউকে প্রতারণার শিকার করতে না পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.