রাজনীতি

তৃণমূলে বড় রদবদল! রাজ্য সভাপতি চন্দ্রিমা, হকার সংগঠনের দায়িত্বে মদন মিত্র

দলের অন্দরে টানাপড়েন, ভাঙনের জল্পনা এবং সাংগঠনিক পুনর্গঠনের আবহে বড়সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার কালীঘাটে দলের গুরুত্বপূর্ণ বৈঠকের পর একাধিক সাংগঠনিক পদে পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দীর্ঘদিনের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর পরিবর্তে দলের রাজ্য সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে।
দলীয় সূত্রের মতে, সংগঠনে নতুন ভারসাম্য আনা এবং বিভিন্ন স্তরের নেতৃত্বকে আরও বেশি গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত। প্রশাসনিক ও সাংগঠনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ চন্দ্রিমা ভট্টাচার্যের উপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজ্য সহ-সভাপতি করা হয়েছে সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর এবং নয়না বন্দ্যোপাধ্যায়কে। কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন শুভাশিস চক্রবর্তী।
জাতীয় স্তরেও বদল আনা হয়েছে সাংগঠনিক কাঠামোয়। দলের যুগ্ম জাতীয় সাধারণ সম্পাদক হয়েছেন দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েন। সংসদীয় ও জাতীয় রাজনীতিতে দলের অবস্থান আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
যুব সংগঠনে কোনও পরিবর্তন হয়নি। সায়নী ঘোষই দায়িত্বে বহাল রয়েছেন। তবে ছাত্র সংগঠনের নেতৃত্বে আনা হয়েছে নতুন মুখ প্রিয়াঙ্কা অধিকারীকে। সরিয়ে দেওয়া হয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার কৌশল হিসেবেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে শ্রমিক সংগঠনের দায়িত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে দেওয়া হয়েছে মলয় ঘটককে। পাশাপাশি পৃথকভাবে হকার সংগঠনের দায়িত্ব পেয়েছেন মদন মিত্র। সাম্প্রতিক সময়ে হকার উচ্ছেদ ও পুনর্বাসন নিয়ে রাজনৈতিক বিতর্কের আবহে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতা হারানোর পর সংগঠনকে নতুনভাবে গুছিয়ে তোলা, কর্মীদের আস্থা ফিরিয়ে আনা এবং নেতৃত্বের ভারসাম্য রক্ষা করাই এখন তৃণমূলের প্রধান লক্ষ্য। এই নতুন টিম কতটা কার্যকরভাবে দলকে একত্রিত করতে পারে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.