বাঙালির দুর্গাপুজোর গন্ধ এবার পৌঁছে যাবে আরও দূরে। কলকাতা নয়, শিলিগুড়ির মাটি থেকে তৈরি দুর্গাপ্রতিমা এবার পাড়ি দিচ্ছে সুদূর দক্ষিণ কোরিয়ায়। জাহাজে চেপে এই প্রতিমা পৌঁছবে বুসান শহরে। বিদেশের মাটিতে বাঙালির দুর্গোৎসবের আবেগকে আরও এক ধাপ এগিয়ে দিল শিলিগুড়ির এক প্রতিমা শিল্পীর এই উদ্যোগ।
শিলিগুড়ির হাকিমপাড়ার প্রতিমা শিল্পী সঞ্জীব সাহা ছোটবেলা থেকেই দুর্গাপ্রতিমা তৈরি করছেন। তবে এবার তাঁর কাছে এসেছে একেবারে অন্যরকম সুযোগ। প্রথমবার ফাইবার দিয়ে তৈরি করেছেন দুর্গাপ্রতিমা, আর সেই প্রতিমাই এবার যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়।
প্রায় সাড়ে তিন মাস ধরে যত্ন নিয়ে তৈরি করা হয়েছে প্রতিমাটি। চার ফুট উচ্চতার এই দুর্গামূর্তির ওজন প্রায় ৬৫ কিলোগ্রাম। বুসানের নাগরিক সমাজের তরফে দেওয়া হয়েছিল এই প্রতিমার বরাত।
সঞ্জীবের কাছে এই প্রতিমা শুধু একটি শিল্পকর্ম নয়, যেন নিজের সন্তানের মতো। তাই মাকে বিদেশে পাঠানোর আনন্দের পাশাপাশি মন খারাপও রয়েছে শিল্পীর। এতদিন প্রতিমা তৈরি করে পুজোর মণ্ডপে পৌঁছে দিয়েছেন তিনি। এবার তাঁর তৈরি মা দুর্গা পাড়ি দিচ্ছেন দেশের সীমানা ছাড়িয়ে।
সঞ্জীবের কথায়, প্রায় সাড়ে তিন মাস ধরে প্রতিমাটি তৈরি করেছেন তিনি। তাই প্রতিমার সঙ্গে একটা আলাদা আবেগ তৈরি হয়ে গিয়েছে। তবে একইসঙ্গে তাঁর গর্বও হচ্ছে—কুমারটুলির পাশাপাশি শিলিগুড়ি থেকেও যে বিদেশের মাটিতে দুর্গাপ্রতিমা যাচ্ছে, সেটাই তাঁর কাছে বড় প্রাপ্তি।
জানা গিয়েছে, সড়কপথে নয়, জাহাজে করেই দক্ষিণ কোরিয়ায় পাঠানো হবে প্রতিমাটি। গন্তব্য বুসান। প্রতিমা পৌঁছতে সময় লাগবে প্রায় দেড় মাস।
অর্থাৎ, এবার পুজোর আগেই শিলিগুড়ি থেকে সমুদ্র পেরিয়ে বুসানে পৌঁছে যাবে বাংলার দুর্গা। আর সেই সঙ্গে বিদেশের মাটিতেও বেজে উঠবে বাঙালির চেনা ডাক—‘দুগ্গা দুগ্গা’।







