প্রার্থীর নাম ঘোষণার একদিন কাটতে না কাটতেই প্রার্থী বদলের সিদ্ধান্ত জানিয়েছেন হুমায়ুন কবীর। সোমবার মুর্শিদাবাদ থেকে নতুন দল ঘোষণার পাশাপাশি কয়েকটি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। এদিন বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছেন হুমায়ুন। যদিও চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই তার নাম বদল করা হয়েছে। কারণ হিসেবে হুমায়ুন জানিয়েছেন , নাম ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় নিশা চট্টোপাধ্যায়ের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওগুলির রুচি ও আদর্শ তার দলের সঙ্গে খাপ খায় না। যার জেরেই প্রার্থী বদলের সিদ্ধান্ত।
প্রার্থী বদলের সিদ্ধান্ত বিস্তারিতভাবে বলেন হুমায়ুন, “গতকাল সন্ধাবেলা বালিগঞ্জের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিলাম। কিন্তু সন্ধ্যে হতেই তাঁর বিভিন্ন ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবনে কে কী করবেন, কী খাবেন, কী পরবেন, কোথায় যাবে তার ব্যাপার। কিন্তু আমার মনে হয়েছে আমার দলের প্রার্থী বা শুরুটা এমন করা উচিত হবে না। তাই সঙ্গে সঙ্গেই আমি প্রার্থী বদলের সিদ্ধান্ত জানিয়েছি। তৃণমূলের বিভিন্ন আইটি সেলের পক্ষ থেকে ফেসবুকে তাঁর ছবি ভাইরাল করা হয়েছে। তাতে মনে হয়েছে আমার দলের শুরুতে এ ধরনের কোনও ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র স্থানে পাঠানোর চেষ্টা করার জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সিদ্ধান্ত বদল করেছি।”
যদিও হুমায়ুনের এই যুক্তি উড়িয়ে দিয়েছেন নিশা চট্টোপাধ্যায় । তার কথায় , সমাজ মাধ্যমে ভিডিও করার পাশাপাশি তিনি একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। হুমায়ুন কবীর তাকে প্রার্থী করার আশ্বাস দিয়েছিলেন । সেই কারণেই সোমবার বেলডাঙায় নতুন দল ঘোষণার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। এবার প্রার্থী বদলে নিজের প্রতিক্রিয়া জানালেন নিশা চট্টোপাধ্যায় । তিনি বলেন , “আমার নাম যখন ঘোষণা হয়েছে তখনও আমি হতাশ। যখন নাম প্রত্যাহার করেছে তখনও হতাশ। উনি নতুন দল করেছেন বলে তাই গিয়েছিলাম। আমি সমাজসেবামূলক কাজ করি। মানুষের জন্য কাজ করতে চাই। সেই হিসেবে গিয়েছিলাম। আগেই বলেছিলেন দল করলে তোমাকে জায়গা দেব। হঠাৎ আমার নাম ঘোষণা করা হয়।” তবে বন্ধু হিসেবে হুমায়ুনের পাশে থাকার বার্তা জানিয়েছেন নিশা চট্টোপাধ্যায়।







