বিনোদন

সন্তানের মুখ ফাঁস নিয়ে ক্ষুব্ধ দীপিকা-রণবীর, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

রূপোলি দুনিয়ার তারকাদের জীবনের প্রতি মুহূর্ত নিয়ে সাধারণ মানুষের কৌতূহল চিরন্তন। বিশেষ করে সেলিব্রিটিদের সন্তানদের নিয়ে ভক্তদের আগ্রহ থাকে চোখে পড়ার মতো। তবে, অনেক তারকা তাঁদের সদ্যোজাত সন্তানের মুখ প্রকাশ্যে আনতে চান না। সময়মতোই সেই সিদ্ধান্ত নেন তাঁরা। এই তালিকায় রয়েছেন বলিউডের জনপ্রিয় পাওয়ার কাপল দীপিকা পাডুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের কন্যা সন্তান দুয়া পাডুকোন সিং জন্ম নেয়। সন্তান জন্মের পর তাঁরা নির্বাচিত কিছু পাপারাজ্জিকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন মেয়ের ছবি যেন প্রকাশ্যে না আসে। কিন্তু সেই ইচ্ছাকে অগ্রাহ্য করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুয়ার ভিডিও ও ছবি।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে দীপিকার কোলে রয়েছে ছোট্ট দুয়া। আর সেই সময় স্পষ্টভাবে ক্যামেরায় ধরা পড়ে তারকা কন্যার মুখ। অভিযোগ উঠেছে, ভিডিওটি দীপিকা ও রণবীরের অনুমতি ছাড়াই ধারণ করা হয়েছে। এমনকি ভিডিওতে শোনা যায়, দীপিকা সরাসরি ভর্ৎসনা করছেন ওই ব্যক্তিকে যিনি অনুমতি ছাড়া ছবি তুলছিলেন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন দম্পতির ভক্তরাও। কেউ অনুরোধ করেছেন ভিডিওটি মুছে ফেলার জন্য, আবার কেউ কড়া সমালোচনা করে লিখেছেন,”যখন বাবা-মা নিজেরাই সন্তানের ছবি প্রকাশ করতে চান না, তখন অন্য কারও তা করা উচিত নয়।”

উল্লেখ্য, ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। সম্প্রতি রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। ছবির ট্রেলার লঞ্চে রণবীর রসিকতা করে বলেছিলেন,”এটা আমার সন্তানের ডেবিউ, কারণ দীপিকা শুটিংয়ের সময় গর্ভবতী ছিলেন।” এই মুহূর্তে, অননুমোদিত ভিডিও ও ছবি ফাঁস হওয়ায় দীপিকা-রণবীরের পরিবার চরম বিরক্ত, এবং ভক্তরাও দাবি তুলেছেন তাঁদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.