এক সময় টেলিভিশনের পর্দায় পরিচিত মুখ। নিকেলোডিয়ানের জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছিলেন টাইলর চেজ়। কিন্তু সময়ের স্রোতে আজ তাঁর জীবন একেবারে অন্য পথে। গৃহহারা হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন প্রাক্তন শিশু অভিনেতা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিয়োতেই স্পষ্ট—অবহেলিত পোশাক, ক্লান্ত মুখ, অসহায় চোখ। সেই দৃশ্য দেখে নড়েচড়ে বসেন শৈশবের সহ-অভিনেতা ড্যানিয়েল কার্টিস লি।
বন্ধুর পাশে দাঁড়াতে এগিয়ে এসে টাইলরকে একটি হোটেলে আশ্রয় দেন ড্যানিয়েল। কিন্তু সেখানেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। অভিযোগ, হোটেলের ঘরে তুমুল ভাঙচুর চালান টাইলর। ফ্রিজ উল্টে দেওয়া, মাইক্রোওয়েভ বাথটাবে ফেলে রাখা থেকে শুরু করে দরজা খোলা রেখে দেওয়ার মতো ঘটনায় ক্ষুব্ধ হয় হোটেল কর্তৃপক্ষ। মাঝরাতে ড্যানিয়েলের কাছে ফোন আসে হোটেল ম্যানেজমেন্টের।
ঘটনার কথা সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় জানান ড্যানিয়েল নিজেই। তিনি বলেন, “আমি ভেঙে পড়েছি। ওকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে।” ড্যানিয়েলের দাবি, টাইলর মানসিক ভাবে সুস্থ নন। দীর্ঘদিনের অবহেলা ও অনিশ্চিত জীবনের চাপেই তাঁর এই আচরণ।
তবু হাল ছাড়তে নারাজ ড্যানিয়েল। শৈশবের বন্ধুকে মানসিক চিকিৎসার আওতায় আনতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। প্রয়োজনে রিহ্যাবেও ভর্তি করানোর কথা ভাবছেন। ভিডিয়োয় দেখা যায়, আবেগপ্রবণ ড্যানিয়েল টাইলরকে জড়িয়ে ধরছেন।
২০০৪ সালের সেই জনপ্রিয় সিরিজ়ে একসঙ্গে কাজ করেছিলেন দু’জনেই। তখন তাঁরা ছিলেন পরিচিত শিশু তারকা। এত বছর পর বন্ধুকে এমন অবস্থায় দেখবেন, ভাবতেও পারেননি ড্যানিয়েল। এখন প্রশ্ন একটাই—বন্ধুর সহানুভূতি ও চিকিৎসাই কি আবার টাইলরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে?







