শিশুদের আচরণে নীরব কিন্তু গভীর উদ্বেগ বাড়াচ্ছে এক নতুন প্রবণতা—সময়ের আগেই স্বমৈথুন। হাওড়ার বড়গাছিয়ার এক শিশুরোগ বিশেষজ্ঞের চেম্বারে সম্প্রতি এমনই এক ঘটনা সামনে এসেছে। কৈশোরে পা না-রাখা এক শিশুকে নিয়ে আসা পরিবার চিকিৎসককে দেখান একটি ভিডিও, যেখানে শিশুটি একান্তে স্বমৈথুন করছে। বিষয়টি দেখে বিস্মিত চিকিৎসকরা। তাঁদের মতে, প্রাপ্তবয়স্ক বা কৈশোরোত্তীর্ণ বয়সে হস্তমৈথুন স্বাভাবিক হলেও, আট-ন’বছর বয়সে এমন আচরণ স্বাভাবিক নয়।
বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ সময়ের আগেই বয়ঃসন্ধির শুরু। আগে যেখানে ১৬-১৭ বছর বয়সে বয়ঃসন্ধির লক্ষণ দেখা যেত, এখন শহরাঞ্চলে অনেক শিশুর শরীরেই ৯-১০ বছর বয়সে হরমোনগত পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে। ইন্সটিটিউট অফ সাইকিয়াট্রির মনোরোগ সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মায়াঙ্ক কুমার জানান, অতিরিক্ত ফাস্টফুড এই সমস্যার অন্যতম কারণ। ফাস্টফুড থেকে শরীরে চর্বি জমে, যার ফলে লেপটিন ও আইজিএফ-১ হরমোনের মাত্রা বাড়ে। এর সরাসরি প্রভাব পড়ে ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের উপর, যা বয়ঃসন্ধির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
এর পাশাপাশি স্মার্টফোন ও অতিরিক্ত স্ক্রিনটাইমও বড় ভূমিকা নিচ্ছে। রাত জাগা, কম ঘুম এবং অনিয়ন্ত্রিত অনলাইন কনটেন্ট শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে, সামাজিক মাধ্যম ও খোলামেলা আলোচনার ফলে অভিভাবকরাও এখন এই সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে আসছেন বেশি, ফলে কেসের সংখ্যাও চোখে পড়ছে।
এক সমীক্ষায় দেখা গিয়েছে, শহরাঞ্চলের প্রায় ৪৬ শতাংশ কিশোর এবং ১২ শতাংশ কিশোরী কৈশোরে হস্তমৈথুনে অভ্যস্ত। যদিও কম বয়সি শিশুদের ক্ষেত্রে জাতীয় স্তরে পরিসংখ্যান নেই, তবু স্কুল ও স্থানীয় গবেষণায় স্পষ্ট—‘চাইল্ডহুড মাস্টারবেশন’-এর ঘটনা বাড়ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, আতঙ্ক নয়—সচেতনতা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়ন্ত্রিত স্ক্রিনটাইম ও প্রয়োজন হলে সময়মতো চিকিৎসা পরামর্শই পারে এই উদ্বেগ কমাতে।







