সরকারি সংস্থা প্রজেক্টস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (পিডিআইএল) দেশের বিভিন্ন অফিস ও প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১৫৩টি শূন্যপদে ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ৭ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৩টি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ১৩০টি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল এবং মানবসম্পদ (এইচআর) বিভাগে এই নিয়োগ করা হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নির্ধারিত কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদের জন্য সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা এবং ২ থেকে ৮ বছরের অভিজ্ঞতা আবশ্যিক। অন্যদিকে, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ২ থেকে ১১ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বয়সসীমাও পদভেদে নির্ধারণ করা হয়েছে।
প্রার্থীদের আবেদনপত্র যাচাইয়ের পর শর্টলিস্ট করা হবে। এরপর ব্যক্তিগত সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রতি মাসে ৩১ হাজার থেকে ৪০ হাজার টাকা এবং গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা ৪৭ হাজার থেকে ৭১ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন। এর সঙ্গে প্রযোজ্য সরকারি ভাতাও দেওয়া হবে।
আবেদনের জন্য সাধারণ ও ওবিসি প্রার্থীদের ৮০০ টাকা এবং এসসি, এসটি ও ইডব্লিউএস প্রার্থীদের ৪০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পিডিআইএল-এর সরকারি ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে।







