রাজনীতি

এসএসকেএমে লাইনে দাঁড়িয়েই চিকিৎসা, অভিষেককে নিয়ে স্পষ্ট বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

আমেরিকায় গিয়ে চিকিৎসা করানোর ক্ষেত্রে আপাতত অনুমতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, প্রথমে তাঁকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজন হলে এবং চিকিৎসকরা সুপারিশ করলে তবেই বিদেশে চিকিৎসার বিষয়টি বিবেচনা করা যাবে। এদিকে, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এসএসকেএমে অভিষেকের জন্য কোনও বিশেষ সুবিধা বা আলাদা ব্যবস্থা রাখা হবে না।

কয়েক বছর আগে চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পর একাধিকবার বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করিয়েছেন তিনি। সম্প্রতি আবারও চিকিৎসার জন্য বিদেশ সফরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, আগে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের কাছে পরীক্ষা করাতে হবে। তাঁদের মতামতের ভিত্তিতেই বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএমে এলে তাঁর জন্য কোনও বিশেষ ব্যবস্থা করা হবে কি না, সেই প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “উনি চাইলে টিকিট কেটে সাধারণ রোগীদের মতোই লাইনে দাঁড়িয়ে চিকিৎসা করাতে পারেন। আলাদা সুবিধা দেওয়ার কোনও কারণ নেই।”

এর পাশাপাশি কটাক্ষের সুরে শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “একসময় উনি ‘মা-মাটি-মানুষ’-এর কথা বলতেন। এখন মনে হচ্ছে সেই মাটির প্রতি টান আর নেই, তাই আমেরিকার মাটিতে যেতে চাইছেন। আমরা সেবাশ্রয় প্রকল্প বন্ধ করে দেওয়ার পরই বিদেশে যাওয়ার আগ্রহ দেখা দিয়েছে। অথচ সেবাশ্রয়ে তো আমেরিকার কোনও চিকিৎসক ছিলেন না, সেখানে আয়ুষের প্রশিক্ষণরত চিকিৎসকরাই পরিষেবা দিতেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.