দেশের সমস্ত প্রবীণ নাগরিকের জন্য ‘সর্বজনীন ন্যূনতম পেনশন’ চালুর দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এই পরিস্থিতিতে সংসদে বিষয়টি উত্থাপিত হতেই কেন্দ্রের অবস্থান স্পষ্ট হয়ে গেল। সরকার জানিয়েছে, আপাতত প্রত্যেক প্রবীণ নাগরিককে ন্যূনতম পেনশন দেওয়ার মতো কোনও নতুন প্রকল্প চালুর পরিকল্পনা নেই।
রাজ্যসভার সাংসদ আর. গিরিরাজন জানতে চান, কেন্দ্র কি সর্বজনীন ন্যূনতম পেনশন চালুর বিষয়ে কোনও প্রস্তাব বিবেচনা করছে? এর উত্তরে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে জানান, বর্তমানে এমন কোনও প্রকল্প চালুর সিদ্ধান্ত সরকারের নেই।
তবে মন্ত্রী জানান, সামাজিক সুরক্ষা বিধি, ২০২০-এর আওতায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষার পরিধি বাড়ানোর কাজ চলছে। এই আইনের অধীনে একটি সামাজিক সুরক্ষা তহবিল গঠনের বিধান রয়েছে, যার মাধ্যমে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে অর্থ বরাদ্দ করা হবে। পাশাপাশি, অসংগঠিত শ্রমিক ও গিগ কর্মীদের নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে তাঁরা ভবিষ্যতে সামাজিক সুরক্ষার বিভিন্ন সুবিধা পেতে পারেন।
সংসদে কর্মচারী পেনশন স্কিম (EPS) নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে প্রতিমন্ত্রী জানান, ইপিএস একটি যৌথ তহবিল, যেখানে নিয়োগকারী সংস্থা এবং কেন্দ্রীয় সরকার উভয়েই অর্থ প্রদান করে। এই প্রকল্পে পেনশনের দাবি জানানোর জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। যোগ্য ব্যক্তি বা তাঁর পরিবারের আবেদন অনুমোদিত হলে, পেনশনের সঙ্গে প্রাপ্য বকেয়া টাকাও একসঙ্গে মিটিয়ে দেওয়া হয়।
এদিকে নিষ্ক্রিয় ইপিএফ (EPF) অ্যাকাউন্ট সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। সরকারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত দেশের নিষ্ক্রিয় ইপিএফ অ্যাকাউন্টগুলিতে মোট ৯,৩৩০.৫৬ কোটি টাকা জমা রয়েছে।
সব মিলিয়ে, আপাতত সর্বজনীন ন্যূনতম পেনশন চালুর সম্ভাবনা নাকচ করলেও, অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা জোরদার করার দিকেই সরকারের বেশি গুরুত্ব রয়েছে বলে সংসদে স্পষ্ট হয়েছে।







