রাজ্যে কাটমানি, সিন্ডিকেট রাজ, বেআইনি টোল আদায় এবং অবৈধ চোলাই মদের কারবারের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল সরকার। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ ও তার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করার লক্ষ্যে চারটি পৃথক টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার এই পরিষেবার সূচনা করে মুখ্যমন্ত্রী জানান, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান সম্পূর্ণ অনড়। প্রশাসনের লক্ষ্য, কোনও অভিযোগ যাতে উপেক্ষিত না হয় এবং সাধারণ মানুষ যাতে সহজেই সরাসরি সরকারের কাছে অভিযোগ জানাতে পারেন। সেই উদ্দেশ্যেই আলাদা আলাদা অভিযোগের জন্য পৃথক হেল্পলাইন চালু করা হয়েছে।
সরকারি প্রকল্পে কাটমানি দাবি, বিভিন্ন এলাকায় সিন্ডিকেটের দৌরাত্ম্য, বেআইনিভাবে রাস্তা বা পরিবহণে টোল আদায় এবং অবৈধ চোলাই মদের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। নতুন ব্যবস্থার ফলে নাগরিকরা নির্দিষ্ট নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। প্রশাসনের দাবি, প্রতিটি অভিযোগ নথিভুক্ত করে প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
টোল-ফ্রি অভিযোগ নম্বরগুলি হল—
কাটমানি সংক্রান্ত অভিযোগ: ১৫৫৩৩৪
সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ: ১৫৫৩৩৫
বেআইনি রোড ট্যাক্স বা টোল আদায়ের অভিযোগ: ১৫৫৩৩৭
অবৈধ চোলাই মদের অভিযোগ: ১৫৫৩৩৯
সরকারের মতে, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে এই হেল্পলাইন পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একই সঙ্গে অভিযোগকারীদের তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।







