হুগলির আরামবাগে পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ শেষ পর্যন্ত ভয়াবহ রূপ নিল। বাবার রেখে যাওয়া জমি ও ব্যবসার ভাগ নিয়ে চলা বিরোধের জেরে দাদার হামলায় প্রাণ হারালেন এক ভাই। ঘটনায় গুরুতর জখম হয়েছেন পরিবারের আরও এক সদস্য। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরামবাগের বুলণ্ডি এলাকার একটি পরিবারের তিন ভাইয়ের মধ্যে বহুদিন ধরেই বাবার রেখে যাওয়া বেকারি ব্যবসা ও জমি-সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও পারিবারিক অশান্তির কোনও সমাধান হয়নি। উল্টে সময়ের সঙ্গে সেই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।
অভিযোগ, শুক্রবার রাতে চাষের জমি থেকে বাড়ি ফেরার পথে শেখ হারুন বাদশা ও তাঁর পরিবারের সদস্যদের উপর অতর্কিতে হামলা চালান বড় ভাই শেখ মুজিবর রহমান এবং তাঁর ছেলে। ধারালো টাঙি দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন হারুন ও তাঁর ছোট ভাই।
স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখমদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা শেখ হারুন বাদশাকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ভাই ও তাঁর ছেলে এলাকা ছেড়ে পালিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কী কারণে এত বড় হামলা, সম্পত্তি সংক্রান্ত বিবাদের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই নৃশংস ঘটনার পর গোটা এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের সম্পত্তি নিয়ে বিবাদ যে শেষ পর্যন্ত এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে, সেই ঘটনাই ফের সামনে এল আরামবাগে।







