কলকাতারাজনীতি

মার্ক্স-লেনিনের ডেরায় এবার ‘বন্দে মাতরম’! প্রেসিডেন্সির বামেদের ‘বিদেশি প্রেম’ ধুয়ে দিল এবিভিপি

নকশাল আন্দোলন থেকে শুরু করে তথাকথিত প্রগতিশীল বামপন্থী ছাত্র রাজনীতির ঐতিহাসিক ‘আঁতুড়ঘর’ হিসেবে পরিচিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এবার তৈরি হলো এক নজিরবিহীন ইতিহাস। ক্যাম্পাস জুড়ে বছরের পর বছর ধরে চলা লাল পতাকার একচেটিয়া দাপটে বড়সড় ধাক্কা দিয়ে আজ, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এ কে বসাক অডিটোরিয়ামে প্রথমবার খাতা খুলল আরএসএস (RSS)-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। ভারতের নিজস্ব জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরমাণু বিজ্ঞানী তথা আরএসএস-এর পূর্ব ভারতের প্রচার প্রমুখ জিষ্ণু বসু।
প্রেসিডেন্সির মাটিতে দাঁড়িয়েই বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলোর ‘বিদেশি প্রেম’ নিয়ে তীব্র উপহাস ও কটাক্ষ করেছে এবিভিপি। ক্যাম্পাসের এবিভিপি সভাপতি মৃদুল বণিক বামেদের খোঁচা দিয়ে বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো ভারতের মাটির বীর সন্তানদের ধাত্রীভূমি। আর প্রেসিডেন্সির তথাকথিত প্রগতিশীল বাম ছাত্ররা ভারতের এই মহানায়কদের নাম মুখে আনতেও লজ্জা পায়। তারা নিজেদের দেশের বঙ্কিম-বিবেকানন্দকে অবজ্ঞা করে, সাতসমুদ্র তেরো নদী পারের মার্ক্স, লেনিন বা চে মতো বিদেশি কমরেডদের ছবি দেওয়ালে ঝুলিয়ে বিদ্বেষীতার স্বপ্ন দেখে! এবিভিপি-র মূল লক্ষ্য হলো প্রেসিডেন্সির বুক থেকে এই বিদেশি দাসত্বের মানসিকতা ধুয়ে মুছে আসল ভারতীয় জাতীয়তাবাদী গৌরব ফিরিয়ে আনা।
নিজেদের খাসতালুকে আরএসএস-এর ছাত্র সংগঠনের এই রাজকীয় প্রবেশ দেখে স্বাভাবিকভাবেই ঘুম উড়েছে প্রেসিডেন্সির বাম ছাত্র সংগঠনগুলোর। এককালে মুখে বিপ্লবের খই ফোটানো ‘আইসা’ (AISA) এখন কিছুটা নরম সুরে বলছে যে, ক্যাম্পাসে নাকি সবারই আসার অধিকার আছে, তবে তারা ‘বিভাজনমূলক রাজনীতি’ বরদাস্ত করবে না। অন্যদিকে, ‘এসএফআই’ (SFI) নেতারা কোনো প্রতিবাদী আন্দোলন গড়ে তুলতে না পেরে কাঁচুমাচু মুখে জানিয়েছে যে, তারা নাকি স্রেফ শ্রোতা হিসেবে সেমিনারে বসে বন্দে মাতরমের ইতিহাস শুনবে এবং সুযোগ পেলে একটু ‘যুক্তিপূর্ণ বিতর্ক’ করার চেষ্টা করবে!
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রেসিডেন্সির মতো কট্টর বামপন্থী আন্দোলনের ‘ফাঁকা দুর্গে’ এবিভিপি-র এই সফল এন্ট্রি প্রমাণ করে দিল যে, শুধু সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা আর বিদেশি তত্ত্ব আওড়ে বাংলার ছাত্র রাজনীতিতে টিকে থাকা এখন বামেদের জন্য বেশ কঠিন হতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.