রাজনীতি

মেয়ো রোডে কার কর্মসূচি? টিএমসিপি দিবস ঘিরে শুরু টানাপোড়েন

২১ জুলাই শহিদ দিবসকে কেন্দ্র করে একদিকে ‘কালীঘাট’ তৃণমূল এবং অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূলের টানাপোড়েন দেখেছে রাজ্যবাসী। এবার সেই দ্বন্দ্ব ছড়িয়ে পড়ল তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপনকে ঘিরেও। আগামী ২৮ আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মসূচি পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। সূত্রের খবর, কয়েক দিন আগেই পুলিশের কাছে আবেদন জমা দেওয়া হয়েছে। সেখানে একটি নির্দিষ্ট স্থানের বদলে একাধিক সম্ভাব্য ভেন্যুর কথা উল্লেখ করা হয়েছে।

গত বছর পর্যন্ত মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের অন্দরের সমীকরণ সম্পূর্ণ বদলে গিয়েছে। দল এখন কার্যত দুই শিবিরে বিভক্ত—একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কালীঘাট’ তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল, যেখানে মমতার একসময়ের একাধিক ঘনিষ্ঠ নেতাও যোগ দিয়েছেন।

এই পরিস্থিতিতে এ বছরও মেয়ো রোডে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালনের পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের। অন্যদিকে ঋতব্রতের নেতৃত্বাধীন শিবির বিকল্প হিসেবে দু-তিনটি জায়গার নাম উল্লেখ করে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছে বলে জানা গিয়েছে। যদিও সেই সম্ভাব্য স্থানগুলির নাম এখনও প্রকাশ্যে আনেনি তারা। নেতৃত্বের বক্তব্য, নির্দিষ্ট জায়গা নিয়ে তাদের কোনও অনড় অবস্থান নেই। পুলিশ যে অনুমতি দেবে, আইন মেনেই সেখানেই কর্মসূচি পালন করা হবে। তবে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান যে হবেই, সে বিষয়ে তারা আত্মবিশ্বাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.