ক্রাইমজেলারাজনীতি

নাকাশিপাড়ায় গুলি-কুপিয়ে বাবা-ছেলেকে খুন, উত্তেজনা তুঙ্গে

নাকাশিপাড়ায় নৃশংস হত্যাকাণ্ড। গাড়ি করে বাড়ি ফেরার পথে বাবা ও ছেলেকে গুলি করে এবং ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, কী কারণে এই হামলা—তা খতিয়ে দেখছে পুলিশ।

মৃতদের নাম আনিসুর রহমান (৫০) এবং তাঁর ছেলে আবু সুফিয়ান (২৪)। আনিসুর রহমান এলাকায় কংগ্রেস নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ছেলে আবু সুফিয়ান পেশায় আইনজীবী। শনিবার রাতে চার চাকার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। নাকাশিপাড়া থানার নাগাদি রেলগেটের কাছে তাঁদের গাড়ি আটকে হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ।

প্রথমে বাবা-ছেলেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপরও হামলা থামেনি। মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে তাঁদের কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কংগ্রেস নেতৃত্ব।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, “দুই বাপ-বেটা বাড়ি ফিরছিল। রেলগেটের সামনেই তাঁদের উপর হামলা হয়। বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে এমন নৃশংস ঘটনা ঘটেছে।”

মৃতের শ্যালিকার দাবি, আনিসুর রহমান দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। তাঁর বক্তব্য, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন হয়ে থাকতে পারে। তবে কেন তাঁর ছেলেকেও একইভাবে হত্যা করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি গোটা রাজ্যে রবিবার ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছেন। তাঁর অভিযোগ, নদিয়ার কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হয়ে তিনি জানান, রাজ্যে সংখ্যালঘু ও বিরোধীদের কণ্ঠরোধের যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলন জারি থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.