রাজনীতি

সুপ্রিম কোর্টে সদস্যপদ নিয়ে জটিলতা, এরই মধ্যে এনসিপিআইয়ের জাতীয় কমিটিতে ঠাঁই পেলেন ৭ বিদ্রোহী সাংসদ, বাদ সুদীপ-কাকলি-শতাব্দী

সদস্যপদ নিয়ে জটিলতা এখনও কাটেনি। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তার মধ্যেই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইয়ের জাতীয় কমিটি ঘোষণা করা হল। সেই কমিটিতে জায়গা পেয়েছেন তৃণমূলের সাত বিদ্রোহী সাংসদ। তবে প্রকাশিত তালিকায় নাম নেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়ের। আর এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ সাংসদের পদ কেন বাতিল করা হবে না, সেই প্রশ্নে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জবাব দেওয়ার জন্য আরও সময় চেয়েছেন বিদ্রোহী সাংসদরা। এই বিষয়ে আরও চার সপ্তাহ সময় চেয়ে লোকসভার সচিবালয়ে চিঠি দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। পাশাপাশি, এখনও সংসদে এনসিপিআইকে পৃথক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। যদিও এনসিপিআইয়ে যোগ দেওয়া সাংসদরা এনডিএকে সমর্থন করেছেন।

এই পরিস্থিতির মধ্যেই দলের জাতীয় কমিটি প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আবু তাহের খান, দেব, ইউসুফ পাঠান, জগদীশ বাসুনিয়া এবং রচনা বন্দ্যোপাধ্যায়। সাধারণ সম্পাদক করা হয়েছে মিতালি বাগ ও বাপি হালদারকে।

অন্যদিকে, দলের সভাপতি হিসেবে জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে নতুন জাতীয় কমিটিতে জায়গা হয়নি কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায়ের। বিষয়টি ঘিরেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর তৃণমূলের অন্দরে ভাঙন আরও স্পষ্ট হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব থেকে সরে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ‘আসল’ তৃণমূলের ঘোষণা করেন। এরপর তৃণমূলের একাধিক সাংসদও দলনেত্রীর সঙ্গ ত্যাগ করেন। দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে একাধিক দফায় বৈঠকের পর তাঁরা এনসিপিআইয়ে যোগ দেন। এই নতুন রাজনৈতিক সমীকরণে কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। গত কয়েক মাসে তাঁদের কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আবার কখনও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতেও দেখা গিয়েছে। পাশাপাশি পৃথক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতির দাবিও জানানো হয়েছে।

এমন পরিস্থিতিতে নতুন জাতীয় কমিটিতে সুদীপ-কাকলির নাম না থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। যদিও এনসিপিআই সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়ের বক্তব্য, দলের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একইসঙ্গে একাধিক পদে থাকতে পারবেন না। তাঁর দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার সংসদীয় কমিটিতে রয়েছেন এবং দলের নেতা ও মুখ্য সচেতকের দায়িত্বও সামলাচ্ছেন। তবে জাতীয় বর্ধিত কমিটিতে তাঁদের রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, বিজেপির সমর্থন পেলেও ওই সাংসদদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। বিদ্রোহী সাংসদদের ‘গদ্দার’ বলেও আক্রমণ করেছেন তিনি। কুণালের বক্তব্য, সাধারণ মানুষ তাঁদের আর বিশ্বাস করেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.