পাখির চোখ বিধানসভা নির্বাচন । বছর ঘুরলেই বেজে যাবে নির্বাচনের দামামা । ভোটকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ । এসবের মাঝেই এবার বাংলা সহ চার রাজ্যে ঘোষিত হলো উপনির্বাচনের দিনক্ষণ। রবিবারই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন । বাংলায় উপনির্বাচন হবে নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে । বাংলা বাদে উপনির্বাচন হবে গুজরাটের দুই কেন্দ্রে , পাঞ্জাবের একটি কেন্দ্রে ও কেরলের একটি কেন্দ্রে। উল্লেখ্য , কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পর থেকেই শুন্য ছিল বিধায়ক আসন । সেই শুন্য আসনেই এবার হতে চলেছে উপনির্বাচন ।
উল্লেখ্য, ২০২৫ সালেরই ফেব্রুয়ারি মাসে বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন । হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন নাসিরুদ্দিন আহমেদ। ৭০ বছর বয়সেই মৃত্যু হয় তার। তারপর থেকেই প্রায় ৩ মাস কালীগঞ্জে বিধায়ক পদ শূন্য। কবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয় তা নিয়ে চাপানউতোর চলছিল , এবার তারমধ্যেই উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।
কালীগঞ্জের মতো পরিস্থিতি গুজরাটের কাদিতেও। গুজরাটে উপনির্বাচন হবে বিসাবদর ও কাদিতে । কিছুদিন আগেই ক্যানসারের কারণে কাদির বিধায়কের মৃত্যু হয়েছে। পাশাপাশি উপনির্বাচন হবে পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্রে। নির্বাচন কমিশন এই ৫ কেন্দ্রেই উপনির্বাচনের দিন ঠিক করেছে ১৯ জুন । ৫ কেন্দ্রেই ফল প্রকাশ হবে , সোমবার ২৩ জুন ।






