ফের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ! ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো ছয়জন পুণ্যার্থীর । সাত সকালের এই মর্মান্তিক ঘটনা উত্তরপ্রদেশের মির্জাপুরের । জানা গিয়েছে , কার্তিক পূর্ণিমার পবিত্র স্নানের জন্য এসেছিলেন ওই ছয়জন । প্ল্যাটফর্মের উল্টো দিক থেকে যখন তারা নামছিলেন , তখনই হাওড়া – কালকা মেল চলে যায় পুণ্যার্থীদের ওপর দিয়ে । তৎক্ষণাৎ মৃত্যু হয় ওই পুণ্যার্থীদের । এই দুর্ঘটনায় আহতের সংখ্যাও একাধিক বলে খবর ।
উল্লেখ্য , এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে , রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে । চিৎকার চেঁচামেচি – এসব মিলিয়ে , তৈরি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও রেল পুলিশের আধিকারিকরা । উদ্ধারকাজের পাশাপাশি চলছে তদন্ত ।
বুধবার সকালের এই মর্মান্তিক ঘটনায় , শোক প্রকাশ করেছেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও । শোকাহত পরিবার গুলির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী । নির্দেশ দিয়েছে দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করার । পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন ।






