রাজনীতিরাজ্য

বিশেষ অধিবেশনে দুই বিলের বিরোধিতা, সাংসদদের জন্য হুইপ জারি অভিষেকের

আগামী সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। সোমবার থেকে শুরু হতে চলা তিন দিনের এই অধিবেশনে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ করাতে উদ্যোগী এনডিএ সরকার। সেই লক্ষ্যেই এখন থেকে বিভিন্ন রাজনৈতিক শিবির নিজেদের কৌশল সাজাতে শুরু করেছে। একদিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা ৮ জন। তবে সাংসদ সংখ্যার নিরিখে কালীঘাটের তৃণমূল শিবির এখনও ২৮ জনকেই দলের সদস্য হিসেবে বিবেচনা করছে। এই পরিস্থিতিতে দুই বিলের বিরোধিতায় দলের অবস্থান স্পষ্ট রাখতে লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদদের উদ্দেশে তিন লাইনের হুইপ জারি করেছেন। দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড থাকায় অভিষেকের তরফেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার জারি করা ওই হুইপে জানানো হয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদকে আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশনে উপস্থিত থাকতে হবে। কোনও পরিস্থিতিতেই অনুপস্থিত থাকা চলবে না। বিশেষ অধিবেশনের দিনগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে দলীয় নির্দেশ মেনে সংসদে হাজির থাকার কথা বলা হয়েছে।

এই হুইপ ২৮ জন তৃণমূল সাংসদের ক্ষেত্রেই কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। কারণ, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায়দের এখনও এনসিপিআই হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি। ফলে সরকারি নথিতে তাঁরা এখনও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই রয়েছেন। এই অবস্থায় অভিষেকের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট সাংসদদের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ করা হতে পারে।

অন্যদিকে, শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া শতাব্দী রায় জানিয়েছেন, তিনি মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দেবেন। তাঁর মতো আরও কয়েকজন সাংসদ দুই বিলেই এনডিএ-র পাশে দাঁড়াতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন মাত্র ৮ জন সাংসদ—অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায়, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহা।

এদিকে, অভিষেকের হুইপের পালটা হিসেবে এনসিপিআই-ও নিজেদের সাংসদদের জন্য পৃথক হুইপ জারি করতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে বিশেষ অধিবেশন ঘিরে সংসদে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.