নারী ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম নেতা মহম্মদ সেলিম এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে নিশানা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, নারী ক্ষমতায়ন কখনও বেছে বেছে হতে পারে না। শুধুমাত্র রাজনৈতিক স্লোগান কিংবা কয়েকটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের মধ্যে মহিলাদের সুযোগ সীমাবদ্ধ রাখাও প্রকৃত ক্ষমতায়ন নয়।
অগ্নিমিত্রার বক্তব্য, যদি সংশ্লিষ্ট নেতারা সত্যিই নারী ক্ষমতায়নে বিশ্বাসী হন, তাহলে মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব শক্তিশালী করার উদ্যোগের বিরোধিতা করছেন কেন? তাঁর মতে, সাধারণ পরিবারের মহিলাদেরও প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিবারের সদস্যদের মতো সাংসদ, বিধায়ক কিংবা জনপ্রতিনিধি হওয়ার সমান সুযোগ পাওয়া উচিত।
পোস্টে তিনি আরও লেখেন, গ্রামের মহিলা থেকে শহরের মহিলা, তৃণমূল স্তরের রাজনৈতিক কর্মী থেকে নতুন নেতৃত্ব—সকলের জন্য রাজনীতিতে এগিয়ে যাওয়ার দরজা খোলা থাকা প্রয়োজন। সংসদ, বিধানসভা, পঞ্চায়েত ও পুরসভায় মহিলাদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার পক্ষেও সওয়াল করেছেন তিনি।
অগ্নিমিত্রার অভিযোগ, রাজনৈতিক ক্ষমতা কয়েকটি পরিচিত পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখার মানসিকতা নারী ক্ষমতায়নের পরিপন্থী। তাঁর স্পষ্ট বক্তব্য, নারী ক্ষমতায়ন কোনও রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার নয়, প্রত্যেক মহিলার অধিকার।







