গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা এবং দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে বিরোধী দলগুলোর বিরুদ্ধে সরব হলো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শনিবার জম্মুতে দলের পক্ষ থেকে আয়োজিত ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ শীর্ষক এক বিশাল ‘মহাপদযাত্রা’য় নেতৃত্ব দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
এদিন সকালে জম্মু বিমানবন্দরে পৌঁছালে প্রতিরক্ষা মন্ত্রীকে স্বাগত জানান উপরাজ্যপাল মনোজ সিনহা এবং রাজ্য নেতৃত্ব। এরপর লোকভবনের নিকটবর্তী পঞ্জতীর্থি চক থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে রাজনাথ সিং এই পদযাত্রার সূচনা করেন। জম্মু ও কাশ্মীর বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সত শর্মা, কেন্দ্রশাসিত অঞ্চলটির অন্যান্য সাংসদ, বিধায়ক এবং কাশ্মীর উপত্যকা সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত দলীয় কর্মী এই মিছিলে অংশ নেন। মিছিলটি প্যারেড চকের ব্রাহ্মণ সভার কাছে প্যারেড গ্রাউন্ডে গিয়ে শেষ হয়।
পদযাত্রা শেষে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস ও ‘ইন্ডিয়া’ জোটকে তীব্র আক্রমণ করেন রাজনাথ সিং। তিনি অভিযোগ করেন, বিরোধী দলগুলো ‘ভোট চুরি’র মতো ভিত্তিহীন অভিযোগ তুলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করছে। হায়দরাবাদে কংগ্রেসের সাম্প্রতিক সম্মেলনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, কংগ্রেসের ‘মেয়াদ উত্তীর্ণ’ হয়ে গেছে এবং দেশের মানুষ তাদের আর ক্ষমতায় ফিরতে দেবেন না। পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে ‘ভারতের মুকুটের মণি’ আখ্যা দিয়ে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘এক দেশ, এক বিধান, এক নিশান’ স্লোগানটি স্মরণ করেন এবং প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে এই অঞ্চলের দ্রুত উন্নয়নের কথা তুলে ধরেন।







