রাজনীতি

সোশ্যাল মিডিয়ায় দুর্নীতির অভিযোগের জের: ব্যারাকপুরে সিপিআইএম নেত্রীর ক্ষমা চেয়ে বিক্ষোভ বিজেপির, আহত একাধিক

হস্পতিবার সন্ধ্যায় ব্যারাকপুরের ইছাপুর বাদামতলা এলাকায় সিপিআইএম এবং বিজেপি সমর্থকদের মধ্যে তীব্র বচসা ও হাতাহাতির ঘটনা ঘটেছে, যাতে উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। গত ২৪ নভেম্বর কাঁকিনাড়ায় আয়োজিত একটি গঙ্গা আরতি অনুষ্ঠানকে কেন্দ্র করে সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের করা একটি ফেসবুক পোস্ট থেকেই এই উত্তেজনার সূত্রপাত হয়। ওই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী এবং নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং উপস্থিত ছিলেন।
গার্গী চট্টোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে অনুষ্ঠানটির আয়োজনে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন যে, অনুষ্ঠানের জন্য ৫৫ লক্ষ টাকা বরাদ্দ হলেও মাত্র ১৫ লক্ষ টাকা খরচ করা হয়েছে এবং বিজেপি ‘কাটমানি’ নেওয়ার চেষ্টা করছে। তবে বিজেপি কর্মীদের মতে, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই সোশ্যাল মিডিয়ায় এমন ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে।
এই মন্তব্যের প্রতিবাদে স্থানীয় বিজেপি কর্মীরা ইছাপুরের বাদামতলা সিপিআইএম পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান এবং গার্গী চট্টোপাধ্যায়ের ক্ষমা প্রার্থনা ও পার্টি অফিস বন্ধ রাখার দাবি জানান। সিপিআইএম কর্মীরা অফিস বন্ধ করতে অস্বীকার করলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা মুহূর্তের মধ্যেই ধস্তাধস্তি ও হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনার পর বামনেত্রী গার্গী চট্টোপাধ্যায় অভিযোগ করেন যে, তিনি সেখানে উপস্থিত ছিলেন বলেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এই হামলায় তাঁদের দুই কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে, বিজেপির তরফ থেকেও দাবি করা হয়েছে যে এই সংঘর্ষে তাঁদের বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকায় যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.