নির্বাচনে বড় ধাক্কার পর থেকেই তৃণমূলকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে নানা জল্পনা। দলের ভিতরে কোথাও হতাশার সুর, কোথাও আবার চাপা অসন্তোষ প্রকাশ্যে আসছে। এই পরিস্থিতির মধ্যেই একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কুণাল ঘোষ। বিশ্ব কচ্ছপ দিবসে কচ্ছপের ছবি পোস্ট করে তিনি এমন কিছু মন্তব্য করেছেন, যা ঘিরে নতুন করে রাজনৈতিক ব্যাখ্যা শুরু হয়েছে।
কুণাল লেখেন, “আজ 23 May বিশ্ব কচ্ছপ দিবস। কচ্ছপদের ভালো রাখুন। ওরা দীর্ঘদিন বাঁচে, অনেক বয়স পর্যন্ত। তারা যতদিন বাঁচবে, সিনিয়রিটিকে সম্মান দিয়ে চলুন। তাদের দেখে শিখুন। খোলসটা ব্যবহার করুন। ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন। খোলসের ভেতর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। বাইরের ঝামেলা একটু কমলে খোলস থেকে বেরোন। আগে মুখ বাড়িয়ে দেখে নিন কোন দিকে হাঁটবেন। তারপর সুবিধেমত চলুন। বাঘ, সিংহদের বয়স কম। ওরা অতটা জানে না। যা শেখার কচ্ছপদের মত সিনিয়র, অভিজ্ঞদের থেকে শিখুন। দিকে দিকে কচ্ছপ দিবস পালন করুন। কচ্ছপদের সংরক্ষিত রাখুন।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বদলে যাওয়া রাজনৈতিক আবহে দলের কিছু নেতাকেই বার্তা দিতে চেয়েছেন কুণাল। ভোটে পরাজয়ের পর যাঁরা চুপ রয়েছেন বা প্রকাশ্যে কোনও মত দিচ্ছেন না, তাঁদের উদ্দেশেই কি এই খোঁচা? এমন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। সম্প্রতি কুণাল ঘোষ-সহ তৃণমূলের কয়েকজন নবীন নেতার মুখে আত্মসমালোচনার সুরও শোনা গিয়েছে।
বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর কুণাল মনে করিয়ে দিয়েছিলেন, তাপস রায় ও সজল ঘোষের মতো নেতাদের দল ধরে রাখতে পারেনি। আবার নবীন বিধায়ক সন্দীপন সাহার বিদ্রোহী অবস্থানও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়েছে। সেই কারণেই অনেকের ধারণা, কুণালের এই পোস্ট প্রবীণ নেতৃত্বের উদ্দেশেই পরোক্ষ বার্তা হতে পারে।
যদিও কুণাল ঘোষ দাবি করেছেন, পোস্টটির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, “আমি প্রকৃতি, বন্যপ্রাণী ও গাছপালা ভালোবাসি। কচ্ছপের একটা আলাদা জীবনধারা আছে। চারপাশে অশান্তি বাড়লে তারা খোলসের ভিতরে আশ্রয় নেয়, আবার সময় বুঝে বাইরে বেরিয়ে আসে। ওদের এই জীবনবোধ থেকে অনেক কিছু শেখার আছে।”
অন্যদিকে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের কটাক্ষ, “ওনার পোস্ট নিয়ে আলাদা করে বিশ্লেষণ করার কিছু নেই। সাধারণ মানুষেরও এসব নিয়ে বিশেষ আগ্রহ নেই।”







