রাজ্য

ডবল ইঞ্জিনে বদলের বার্তা! নির্মলার সঙ্গে বৈঠকে বাংলার অর্থনীতি ও বকেয়া নিয়ে আলোচনা শমীকের

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। তাই রাজ্যের মানুষ আদৌ কতটা লাভবান হবেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ক্ষমতায় আসার পর থেকেই অন্নপূর্ণা ভান্ডার, ডিএ-সহ একাধিক ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে কেন্দ্রীয় বকেয়া এবং রাজ্যের অর্থনীতির ভবিষ্যৎ কোন পথে এগোবে, সেই প্রশ্ন এখনও রয়েছে। এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, মূলত পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি ও রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া নিয়েই আলোচনা হয়েছে।

দিল্লিতে তিন দিনের সফরে রয়েছেন শমীক ভট্টাচার্য। শনিবার সকালে নির্মলা সীতারমনের সঙ্গে তাঁর বৈঠক হয়। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং তা ঘুরে দাঁড় করাতে কী কী পদক্ষেপ প্রয়োজন, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। বিশেষ গুরুত্ব পেয়েছে কেন্দ্রীয় বকেয়ার বিষয়টিও। অভিযোগ, তৃণমূল আমলে কেন্দ্রের বহু প্রকল্পের নাম বদল করা হয়েছিল এবং সেই সব প্রকল্পে দুর্নীতির অভিযোগও উঠেছিল। সেই কারণেই বিপুল অঙ্কের বকেয়া আটকে ছিল বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, শমীক ভট্টাচার্য বৈঠকে জানিয়েছেন, নতুন সরকার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং সেই বিষয়গুলি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছে।

এছাড়াও তাঁত শিল্প ও টেক্সটাইল হাব নিয়েও আলাদা করে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বাংলার এই শিল্পক্ষেত্রকে কীভাবে নতুন করে গড়ে তোলা যায়, তা নিয়েও দুই পক্ষের মধ্যে কথা হয়েছে। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, পশ্চিমবঙ্গের বকেয়া বা আর্থিক প্যাকেজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করবেন নির্মলা সীতারমন।

বৈঠকের পর শমীক ভট্টাচার্য বলেন, “দীর্ঘ ৫০ বছরে পশ্চিমবঙ্গের শিল্পব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। কাজের খোঁজে বহু মানুষ ভিনরাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতি বদলাতে হবে। আমাদের লক্ষ্য মহারাষ্ট্র, কর্নাটক ও তামিলনাড়ুর মতো উন্নত রাজ্যগুলির সমতুল্য হওয়া। প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নের দিকেই আমরা এগোচ্ছি। পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক সংকট থেকে কীভাবে বের করে আনা যায়, সে বিষয়ে কেন্দ্রও যথেষ্ট সচেতন।”

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের মধ্যে জল জীবন মিশন নিয়ে মৌ স্বাক্ষর হয়েছে। সেই চুক্তির পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “ডবল ইঞ্জিন সরকারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাংলার মানুষ এই সরকার গঠনে সমর্থন দিয়েছেন। আগে কেন্দ্র টাকা দিলেও কাজের গতি নিয়ে প্রশ্ন উঠত। এখন কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.