মাতৃহারা হলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। শুক্রবার সকাল ৯টা নাগাদ প্রয়াত হয়েছেন তাঁর মা মীনা গাঙ্গুলি। মায়ের মৃত্যুসংবাদ নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন শিল্পী। এই খবরে শোকের ছায়া নেমেছে তাঁর অনুরাগীদের মধ্যে।
সমাজমাধ্যমে জিৎ লেখেন, তাঁর মা শ্রীমতী মীনা গাঙ্গুলি এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মাকে হারিয়ে তাঁর গোটা পৃথিবীটাই শূন্য হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই কঠিন সময়ে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারছেন না বলে দুঃখপ্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক। পাশাপাশি মায়ের আত্মার শান্তি কামনায় সকলের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন তিনি।
প্রিয়জনকে হারানোর শোকে ভেঙে পড়েছেন শিল্পী। তাঁর এই কঠিন সময়ে সমবেদনা জানাচ্ছেন অনুরাগীরা।







