বদলের পথে কলকাতা! শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের পরিকল্পনা করছে রাজ্য সরকার। সেই তালিকায় রয়েছে স্ট্র্যান্ড রোড থেকে বিশ্ব বাংলা সরণির মতো পরিচিত রাস্তার নামও। প্রথম পর্যায়ে কলকাতার মোট ১৬টি রাস্তার নাম বদল হতে পারে বলে খবর। মুখ্যমন্ত্রীর উদ্যোগে গঠিত নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির প্রথম বৈঠকেই এই বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, স্ট্র্যান্ড রোডের নতুন নামকরণ হতে পারে সম্রাট শশাঙ্কের নামে। একইভাবে বিশ্ব বাংলা সরণির নাম পরিবর্তন করে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের নামে করার প্রস্তাব উঠেছে। যদিও ওই রাস্তার নাম সত্যেন্দ্রনাথ বসুর নামে রাখার প্রস্তাবও কমিটির কাছে জমা পড়েছে। পাশাপাশি কলকাতার রাস্তার নাম থেকে বাদ পড়তে পারে লেনিন, কার্ল মার্কসের মতো বিদেশি ব্যক্তিত্বদের নামও।
শুক্রবার কলকাতা পুরসভায় রাস্তার নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ১০ সদস্যের এই কমিটির নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান কার্তিক মহারাজ। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডে এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন-সহ অন্যান্য সদস্যরা।
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে রাস্তার নাম পরিবর্তন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনার কথা উঠে আসে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতার রাস্তার নামকরণে এবার থেকে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিত্বদের গুরুত্ব দেওয়া হবে। পশ্চিমবঙ্গ তথা দেশের ঐতিহ্যের সঙ্গে যাঁদের কোনও যোগসূত্র নেই, এমন বিদেশি ব্যক্তিত্বদের নাম রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই তালিকায় লেনিন ও হো চি মিন সরণির মতো রাস্তার নামও রয়েছে বলে সূত্রের খবর।
নতুন নামকরণের ক্ষেত্রে দেশের ইতিহাস, সংস্কৃতি এবং সমাজে বিশেষ অবদান রাখা মনীষী ও বিশিষ্ট ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। ইতিমধ্যেই সম্ভাব্য নামের একাধিক প্রস্তাব ইতিহাসবিদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে বলে কমিটি সূত্রে জানা গিয়েছে। তাঁদের মতামত ও অনুমোদন পাওয়ার পরই চূড়ান্ত নামের তালিকা তৈরি করা হবে।
এরপর কমিটির তরফে সেই প্রস্তাব রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। পরবর্তী সময়ে বিধানসভায় রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করবে রাজ্য সরকার। অর্থাৎ, সব প্রক্রিয়া সম্পন্ন হলে কলকাতার একাধিক পরিচিত রাস্তা নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে পারে।






