বিনোদন

দর্শকদের সামনে কান্নায় ভেঙে পড়লেন সব্যসাচী! মুক্তির পরেই হল পাওয়া নিয়ে সমস্যায় ‘সাধক বামাক্ষ্যাপা’

ছোটপর্দায় সাধক বামাক্ষ্যাপার চরিত্রে দর্শকের মন জয় করার পর এবার বড়পর্দায় আত্মপ্রকাশ করেছেন সব্যসাচী চৌধুরী। গত ২০ নভেম্বর বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সাধক বামাক্ষ্যাপা’। ছবির প্রদর্শন শেষে দর্শকদের মুখোমুখি হয়ে আবেগ ধরে রাখতে পারেননি অভিনেতা। মঞ্চে দাঁড়িয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর এই আবেগঘন মুহূর্ত ছুঁয়ে যায় উপস্থিত দর্শকদের।

তবে মুক্তির আনন্দের মধ্যেই এবার সমস্যার মুখে ছবিটি। অভিযোগ, হিন্দি ছবির কারণে পর্যাপ্ত প্রেক্ষাগৃহ পাচ্ছে না ‘সাধক বামাক্ষ্যাপা’। আগামী সপ্তাহে একাধিক হল থেকে ছবিটি সরিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে সোমবার সাংবাদিক বৈঠক করেন ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল। উপস্থিত ছিলেন সব্যসাচী চৌধুরী ও সাহেব চট্টোপাধ্যায়। পরিচালকের দাবি, দর্শক হলে গিয়ে ছবি দেখছেন, প্রশংসা করছেন, এমনকী কোথাও হাউসফুল শো-ও হচ্ছে। তা সত্ত্বেও কেন পর্যাপ্ত হল পাওয়া যাচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

সায়ন্তন ঘোষালের অভিযোগ, এর আগেও ‘রামায়ণ পার্ট ১’-এর মুক্তির সময় একই সমস্যার মুখে পড়তে হয়েছিল তাঁদের। কালীপুজোয় ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও হল সমস্যার কারণে পিছিয়ে দিতে হয়।

অন্যদিকে, সব্যসাচী জানান, ছবিটি ৯.৮ রেটিং পেয়েছে। দর্শকরা নিজেরাই বুকিং অ্যাপে এই রেটিং দিয়েছেন। বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয়ের জন্য গত দু’বছরের অভিজ্ঞতাও সহজ ছিল না বলে জানান তিনি।

দর্শকদের প্রশংসা সত্ত্বেও হল পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলা ছবির প্রেক্ষাগৃহ বণ্টন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.