বিনোদন

নিমন্ত্রণে ডেকে অপমান? রণবীর কাপুরের ‘পিআর স্টান্টে’ পাপারাজ্জিদের ক্ষোভে তপ্ত বনশালি অফিস চত্বর

বলিউডে তারকাদের সঙ্গে পাপারাজ্জিদের সম্পর্ক বরাবরই টানাপোড়েনের। কখনও তারা প্রকাশ্যে আসতে অনীহা প্রকাশ করেন, আবার কখনও নিজেরাই প্রচারের জন্য ছবিশিকারিদের ডাকেন। তবে এবার উলটপুরাণের জেরে চরম ক্ষোভে ফুঁসছেন পাপারাজ্জিরা, আর লক্ষ্যবস্তু সুপারস্টার রণবীর কাপুর ও তাঁর পিআর টিম।

ঘটনা সঞ্জয় লীলা বনশালির মুম্বই অফিস ঘিরে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজে সেখানে গিয়েছিলেন রণবীর। অভিযোগ, তাঁর টিমের তরফে আগেভাগেই খবর পাঠানো হয়েছিল পাপারাজ্জিদের কাছে—কবে, কখন অভিনেতা অফিসে পৌঁছবেন। নির্দিষ্ট সময়মতো ক্যামেরা হাতে হাজিরও হয়েছিলেন ছবিশিকারিরা। কিন্তু সেখানে গিয়েই উল্টো চিত্র। রণবীর নাকি ভিডিও বা ফটো কোনও কিছুই তুলতে দেননি। তাঁর টিমও নাকি ছবি তোলা রুখে দিয়ে অসৌজন্যমূলক আচরণ করেছে।

অভিযোগে ক্ষুব্ধ পাপারাজ্জিদের একজন বনশালি অফিসের বাইরে সোজাসুজি চিৎকার করে বলেন, “আপনাদের টিমই তো আমাদের মেসেজ করে ডেকেছে! এখন ছবি তুলতে বাধা দিচ্ছেন কেন? প্রমাণ আমাদের কাছে আছে।” পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা চলে, যা প্রত্যক্ষ করে সাধারণ মানুষও।

রণবীরকে ঘিরে আগে এমন বিতর্ক নতুন নয়। পাপারাজ্জিদের প্রতি তাঁর অসহযোগিতার একাধিক অভিযোগ আগেও উঠেছে। কয়েক মাস আগেই কঙ্গনা রানাউত বিস্ফোরক দাবি করেছিলেন, রণবীর-আলিয়ার পিআর টিম নাকি নিজেরাই তথ্য ফাঁস করে পরে ‘সুপারস্টার ইমেজ’ গড়ার চেষ্টা করেন। বনশালি অফিসের সাম্প্রতিক অঘটন যেন সেই অভিযোগকেই ফের সামনে এনে দিয়েছে।

এই ঘটনায় বলিউডের পাপারাজ্জি মহলে প্রবল অসন্তোষ ছড়িয়েছে। রণবীরের পিআর টিমের বিরুদ্ধে আরও অভিযোগ আনতে পারে বলে খবর। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে তীব্র সমালোচনা—“নিমন্ত্রণ করে দূরছাই!” বলে অনেকেই কটাক্ষ করছেন অভিনেতাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.