এই মুহূর্তে টলিউডের অন্যতম চর্চিত নাম মিমি চক্রবর্তী। কারণ, জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। বিয়ের প্রসঙ্গ এতদিন বারবার এড়িয়ে গেলেও সম্প্রতি তাঁর অভিনব বিয়ের আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসতেই জল্পনায় কার্যত ইতি পড়েছে। সেই কার্ডে পোষ্যদের সঙ্গে দেখা গিয়েছে হবু বর-কনের ছবি। অভিনেত্রীর বিয়ে নিয়ে মুখ খুলেছেন জলপাইগুড়ির বাসিন্দা তাঁর মামা রাম চক্রবর্তীও। অবশেষে বৃহস্পতিবার অপেক্ষার অবসান। আইবুড়ো জীবন কাটিয়ে বাগদান ও আইনি বিয়ের পথে মিমি।
সূত্রের খবর, বৃহস্পতিবার নিজের কসবার ফ্ল্যাটেই আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন অভিনেত্রী। গত প্রায় এক মাস ধরে টলিউডের ব্যস্ততম নায়িকার বিয়ে ঘিরে নানা আলোচনা চলছে। কলকাতাতেই আংটিবদল ও রেজিস্ট্রি হলেও শীতের মরশুমে পাহাড়ে বসবে বিয়ের মূল আসর। বাগদানের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং ইন্ডাস্ট্রির মিমির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। অতিথি তালিকায় অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায়ের নামও উঠে আসছে।
অভিনেত্রীর হবু জীবনসঙ্গী অবশ্য চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত নন। তিনি নৌসেনায় কর্মরত একজন মেরিন ইঞ্জিনিয়ার। তাঁর নাম সিদ্ধার্থ দত্ত। টলিউডের অন্দরমহলের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তবে এতদিন সেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি তাঁরা। মিমিও বিয়ে নিয়ে বরাবরই নীরব থেকেছেন। সময় হলে সবকিছু জানা যাবে বলে একাধিকবার ইঙ্গিত দিয়েছেন তিনি।
আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে তিন দিন ধরে চলবে সিদ্ধার্থ-মিমির বিয়ের অনুষ্ঠান। পাহাড় থেকে ফিরে ১১ ডিসেম্বর কলকাতায় আয়োজিত হবে রিসেপশন। সেখানে টলিউডের বন্ধু ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বিয়ের প্রস্তুতিও ইতিমধ্যে জোরকদমে শুরু করেছেন অভিনেত্রী। গত মঙ্গলবার শহরের একটি নামী গয়নার দোকানে কেনাকাটা করতে দেখা যায় তাঁকে। এর আগে কলকাতায় পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোর থেকেও মিমির বিয়ের কেনাকাটার ভিডিও প্রকাশ্যে এসেছে। বিয়ের অনুষ্ঠানের জন্য জলপাইগুড়ি থেকে আগেই কলকাতায় চলে এসেছেন অভিনেত্রীর মা-বাবা। অন্যদিকে, আইনি বিয়ের দিন বর সিদ্ধার্থের ঘনিষ্ঠরাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।







