শিক্ষা

শিক্ষক সংকটে মডেল স্কুল, পঠনপাঠন সচল রাখতে অন্য স্কুল থেকে শিক্ষক পাঠানোর সিদ্ধান্ত রাজ্যের

শিক্ষকের অভাবে রাজ্যের একাধিক সরকারি মডেল স্কুলের পঠনপাঠন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে স্কুলগুলির শিক্ষার মান বাড়াতে উদ্যোগী হয়েছে শুভেন্দু সরকার। শিক্ষক ঘাটতি পূরণে এবার সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুল থেকে শিক্ষকদের মডেল স্কুলগুলিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সাময়িকভাবে শিক্ষক সংকট মোকাবিলার লক্ষ্যেই এই পদক্ষেপ। বুধবার এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর। সরকারের এই উদ্যোগে মডেল স্কুলের পড়ুয়ারা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

স্কুলশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড স্কুলে একাধিক বিষয়ের শিক্ষক প্রয়োজন। পঠনপাঠন যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলার বিদ্যালয় পরিদর্শকদের দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুলগুলির চাহিদা অনুযায়ী সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত বিদ্যালয় থেকে শিক্ষক নির্বাচন করে পাঠাতে হবে তাঁদের। তবে এই প্রক্রিয়ায় শিক্ষকদের মূল কর্মস্থল, চাকরির শর্তাবলি এবং বেতন সংক্রান্ত নিয়মে কোনও পরিবর্তন হবে না। অস্থায়ীভাবে অন্য স্কুলে দায়িত্ব পালন করলেও সংশ্লিষ্ট শিক্ষকের বেতন তাঁর মূল স্কুল থেকেই দেওয়া হবে বলে নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে। যদিও রাজ্যের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।

সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু জানিয়েছেন, প্রত্যেকের শিক্ষার অধিকার নিশ্চিত করতে স্থায়ী শিক্ষক নিয়োগই একমাত্র উপযুক্ত পথ। শিক্ষক সংগঠনগুলির একাংশও দ্রুত শূন্যপদ পূরণের দাবি তুলেছে।

অন্যদিকে, রাজ্যের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন শিক্ষক সংগঠন এবিআরএসএম-এর সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক। তাঁর বক্তব্য, মডেল স্কুলগুলিকে ঘিরে মুখ্যমন্ত্রীর বিশেষ পরিকল্পনা রয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত এই স্কুলগুলিতে নিয়মিত পঠনপাঠন বজায় রাখতে সাময়িকভাবে শিক্ষক পাঠানোর ব্যবস্থা জরুরি। তাঁর মতে, এই উদ্যোগের ফলে শেষ পর্যন্ত লাভবান হবে পড়ুয়ারাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.