তৃণমূল হোক বা বিজেপি, রাজনৈতিক জীবনে সবসময়ই প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত সব্যসাচী দত্ত। গত বছর চাকরিহারাদের বিক্ষোভের মুখে তাঁর গাড়ি আটকে দেওয়া হলে তিনি কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেই সময় নিজের এলাকায় গাড়ি আটকানোর ঘটনায় তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, “আমার ওয়ার্ডে আমার গাড়ি আটকালে কেউ আর আদর করবে না।” সাংবাদিকদের প্রশ্নের সামনেও তিনি একইরকম দৃঢ় অবস্থান নিয়েছিলেন।
এবার কোটি টাকার তোলাবাজির মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তবে গ্রেফতারের পরও তাঁকে বিশেষ বিচলিত দেখা যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানায় মামলা রুজু হয়। সেই মামলায় তোলাবাজি, প্রাণনাশের হুমকি এবং মানসিক হেনস্থার অভিযোগ আনা হয়েছে সব্যসাচীর বিরুদ্ধে। সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সমস্ত অভিযোগ খারিজ করে দেন সব্যসাচী দত্ত। তাঁর বক্তব্য, “এক কোটি কেন, ১০০ কোটির অভিযোগও করতে পারে। জীবনে যদি এক টাকাও নিয়ে থাকি, তাহলে আমাকে কঠোরতম শাস্তি দেওয়া হোক।”
শুধু অভিযোগ অস্বীকারই নয়, অভিযোগকারী ব্যবসায়ীর বিরুদ্ধেও পাল্টা দাবি করেছেন তিনি। সব্যসাচীর বক্তব্য, ২০১৮ সালে ওই ব্যবসায়ী নিজেই গ্রেফতার হয়েছিলেন এবং সেই সময় তাঁর পরিবারের সদস্যরা ও এক ব্যবসায়ী জামিনের ব্যবস্থা করার জন্য তাঁর সাহায্য চেয়েছিলেন।
এই ঘটনার পিছনে প্রতিহিংসার রাজনীতি কাজ করছে কি না, সেই প্রশ্নের উত্তরে সব্যসাচী দত্ত বলেন, “নিশ্চয়ই।” পুরনো ভঙ্গিতেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।
উল্লেখ্য, সোমবার বিকেলে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তের বিরুদ্ধে মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যবসায়ী বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়েছে, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর কাছ থেকে এক কোটি টাকা আদায় করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।







