নিজস্ব সংবাদদাতা: বিশ্ব সিংহ দিবসে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিংহের ছবি দিয়ে ট্যুইট করে যেন প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন লোকসভায় আজ তিনি বিরোধীদের টিকতেই দেবেন না! উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবার সংসদে বিরোধী নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, ‘সরকার মণিপুরে ভারতমাতাকে হত্যা করেছে।’ এর পরবর্তীতেই সংসদে আলোচনায় আমিত শাহ এহেন মন্তব্যের পালটা জবাবেও সামিল হন।
শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দাখিল করে কংগ্রেস। অভিযোগ, মহারাষ্ট্রের কৃষি পরিবারের বিধবা মহিলা কলাবতী বান্দুরকার সম্পর্কে মিথ্যে তথ্য দিয়েছেন। কংগ্রেস সাংসদ এবং লোকসভায় দলের হুইপ মানিকম ঠাকুর, অধ্যক্ষ ওম বিড়লার কাছে এই বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন। ২০০৮ সালে রাহুল গান্ধী এই বিধবা মহিলার দুর্দশার কথা তুলে ধরেছিলেন।
এহেন বিষয়ের প্রেক্ষিতে সরব অধীর রঞ্জন চৌধুরীও। তাঁর উবাচ, ‘আমরা জানতাম নীরব মোদী দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু মনিপুরের ঘটনার পর দেখলাম নীরব মোদী আমাদের এই দেশেই বসে আছেন।’







