বাঙালির রান্নাঘরে মোচার আলাদা কদর বরাবরই রয়েছে। সাধারণত মোচার ঘন্ট, চপ বা কোপ্তাই বেশি জনপ্রিয়। তবে এবার একটু অন্য স্বাদের খোঁজে থাকলে ট্রাই করতে পারেন নিরামিষ মোচার ইউনিক রেসিপি—‘মোচার দই-মালাই’। মশলার ভারসাম্য আর নারকেল-দইয়ের মোলায়েম স্বাদ এই পদকে করে তোলে একেবারে রেস্টুরেন্ট স্টাইল।
প্রথমেই ভালো করে মোচা পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিন। এরপর হলুদ ও সামান্য নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে। অন্যদিকে কড়াইয়ে সাদা তেল বা ঘি গরম করে তেজপাতা, জিরে ফোড়ন দিন। তারপর আদা বাটা, টমেটো বাটা ও কাঁচালঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার এতে দিন সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সেদ্ধ মোচা দিয়ে কয়েক মিনিট নেড়ে নিন। এরপর ফেটানো টক দই ও নারকেল দুধ মিশিয়ে অল্প আঁচে রান্না করুন। চাইলে সামান্য কাজুবাটা দিলে স্বাদ আরও বাড়বে। শেষে উপরে ঘি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।
রুটি, পরোটা কিংবা গরম ভাত—সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায় এই নিরামিষ পদ। বাড়িতে অতিথি এলে বা বিশেষ দিনে মেনুতে রাখতেই পারেন এই অভিনব মোচার রেসিপি। স্বাদে যেমন আলাদা, তেমনই পুষ্টিগুণেও ভরপুর এই খাবার সহজেই মন জয় করবে সকলের।







