‘দেশের নাম ভারত যাঁদের পছন্দ হবে না, তাঁরা বাইরে চলে যেতে পারেন!’ ‘ভারত’ নামের পক্ষে এবার সওয়াল উঠিয়ে সরব হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। তাঁর সংযোজন, ‘সাম্রাজ্যবাদের সব চিহ্ন বিজেপি ক্ষমতায় এলে উপড়ে ফেলা হবে।’
উল্লেখ্য, প্রাইম মিনিস্টার অফ দ্য রিপাবলিক অফ ভারত জি-২০’র মঞ্চে প্রধানমন্ত্রীর নেমপ্লেটের পর, রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পার্ঘ্যতেও ইন্ডিয়া বদলে লেখা হয়, ভারত। বিরোধী জোট ইন্ডিয়াকে নিয়ে অস্বস্তির কারণেই দেশের নাম বদলাতে চাইছে মোদি সরকার, এহেন দাবিই তোলেন রাহুল গান্ধী।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির এহেন বক্তব্যের পর চুপ নেই বিরোধী শিবিরও। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা জবাব, ‘এসব কথার কোনও মানে আছে? ইন্ডিয়া এবং ভারত, দুই নামেই দেশ পরিচিত। একটা কেটে অন্যটা রাখতে হবে, এগুলো অর্থহীন। বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’ হয়েছে, তাই ভয়ে এখন ভারত, ভারত করছে!’







