পহেলগাঁও কাণ্ডের পর ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে কড়া জবাব দিয়েছে ভারত। সেনার দাবি অনুযায়ী, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে, নিকেশ হয়েছে শতাধিক জঙ্গি। তবে, পহেলগাঁওয়ে হামলা চালানো সেই চার জঙ্গির কী হল? তারা কি এই অভিযানে নিহত? নাকি পালিয়েছে পাকিস্তানে? এমনই প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার নয়াদিল্লিতে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই প্রশ্ন তোলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রী। তিনি অপারেশন সিঁদুর ও তার প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখলেও অভিষেকের প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি বলে সূত্রের খবর।
অভিষেক আরও জানতে চান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিলেন—ভারত-পাক সংঘর্ষ বিরতিতে তাঁর ভূমিকা রয়েছে, সে বিষয়ে ভারত সরকার কি লিখিতভাবে আমেরিকার কাছে কোনও প্রতিবাদ জানিয়েছে?
বৈঠকের বাইরে এসে অবশ্য এই বিষয়গুলি নিয়ে মুখ খোলেননি অভিষেক। তবে শহিদ পরিবারকে প্রতিনিধিদলে পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে এক জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। তারই পাল্টা জবাব ছিল অপারেশন সিঁদুর। কিন্তু সেই হামলায় জড়িত চার জঙ্গির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। কেন্দ্রের স্পষ্ট জবাব না থাকায় প্রশ্ন রইল—তারা কোথায়?







