পুনর্ভবা ও টাঙ্গন নদীর পাশাপাশি মহানন্দা নদীর জল স্তর ক্রমশ বেড়েই চলেছে। ইতিমধ্যে বামনগোলা ও গাজোল ব্লকের বিস্তীর্ণ এলাকায় নদীর জলে বন্যায় প্লাবিত একাধিক এলাকা। মহানন্দা নদীর জল বাড়ায় নদীর তীরবর্তী এলাকা গুলিতে জল ঢুকে পড়ে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। ইংরেজবাজার পৌরসভার ৮,৯,১০ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ড ইতিমধ্যে মহানন্দা নদীর জলে প্লাবিত।
প্রায় এক মাস পার হয়ে গেলেও এখনো মহানন্দার তীরবর্তী এলাকার বাসিন্দারা জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে। ইংরেজবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ন মন্দিরও জলমগ্ন। এলাকার মানুষ রীতিমত জলের উপর দিয়ে চলাফেরা করছেন। আবার ইতিমধ্যেই ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে প্লাবিত এলাকার জলবন্দী নাগরিকদেরকে অস্থায়ীভাবে বিবেকানন্দ স্কুল ময়দানের পাশে রাখার ব্যবস্থা করা হয়েছে। অনেককে আবার স্কুলেও রাখার ব্যবস্থা করা হয়েছে। কম করে প্রায় ৫০০টি ঘর জলবন্দী।
তবে জেলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী আরও দুই থেকে তিন দিন নিম্নচাপের ফলে জেলায় বৃষ্টিপাত হবে সে ক্ষেত্রেও জল বাড়বে বলে আশঙ্কা করছেন পৌর নাগরিকরা।
অন্যদিকে পুরাতন মালদা পুরসভার মহানন্দা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। এর ফলে নদীর জলে জলবন্দি পুরাতন মালদা পুরসভার ৮,৯,২০ নম্বর ওয়ার্ড জলবন্দী l বেশ কয়েকদিন জলবন্দী হলেও এলাকার বাসিন্দারা যাতায়াত ঠিকমতো করতে পারছেন না। ঘরবাড়িতে জল জমে থাকায় অনেকে তালা মেরে অন্যত্র চলে গিয়েছেন। আর তার ওপর বাড়ছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব। এই জলবন্দী অবস্থার মধ্যেও সঠিক ভাবে মিলছে না পানীয় জল।







