বিনোদন

টলিউডে আসছে রহস্য-রোমাঞ্চের ‘ঝড়’, মুখোমুখি বনি সেনগুপ্ত ও সৌরভ দাস

রহস্যে ভরা কাহিনি ও ভিন্ন লুকে দর্শকের সামনে হাজির হতে চলেছেন অভিনেতা বনি সেনগুপ্ত ও সৌরভ দাস। আসছে নতুন ছবি ‘ঝড়’, যেখানে নায়ক বনির বিপরীতে খলনায়কের ভূমিকায় থাকছেন সৌরভ। তাঁদের সঙ্গে জুটিতে থাকছেন নবাগত অমৃতা। পরিচালনার দায়িত্বে রয়েছেন আন্থনি জেন। সম্প্রতি জমকালো অনুষ্ঠানে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার, যেখানে উপস্থিত ছিলেন সমগ্র তারকাদল।

ছবিতে ‘মাইকেল’ নামে এক কলেজ শিক্ষকের চরিত্রে বনি সেনগুপ্ত। অপরদিকে সৌরভ দাস থাকছেন তাঁর প্রতিপক্ষের ভূমিকায়। কাহিনিতে মুখোমুখি সংঘর্ষে নামবেন এই দুই তারকা, যা ইতিমধ্যেই টলিপাড়ায় আলোড়ন তুলেছে। প্রেক্ষাগৃহে ‘ঝড়’ মুক্তি পাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর। গল্পের পটভূমি কালিম্পং শহর। এক সকালে কলেজ হোস্টেলে দেখা যায় জেন, মোনা, নাসিফা ও শিখাকে। জেন কৃতজ্ঞ মাইকেল স্যারের কাছে, যিনি তার বাবা-মাকে রাজি করিয়ে তাকে কালিম্পং নিয়ে এসেছেন। জেনের কাছে মাইকেল শুধু শিক্ষক নন, অভিভাবকের মতো। কলেজেই জেনের আলাপ হয় শৌভিকের সঙ্গে, এবং ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয় না। হঠাৎ করেই বিপদ নেমে আসে জেনের জীবনে।

এরপর গল্পে বড়ো মোড়। জেন কোমায় চলে যায়, আর একই সময়ে মোনা ও নাসিফা নিখোঁজ হয়। রহস্যময় পরিস্থিতিতে সৌরভ দাসের চরিত্রের প্রবেশে কাহিনি আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। এরপর কীভাবে গল্প এগোবে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত। ছবিতে আরও অভিনয় করেছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু ও শান্তিলাল মুখোপাধ্যায়। কলকাতা ও উত্তরবঙ্গে হয়েছে শুটিং। ‘পিএস এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে পম্পা সাহার প্রযোজনায় মুক্তি পেতে চলেছে ছবিটি। সঙ্গীত পরিচালনায় রয়েছেন সমিধ মুখোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.