বাঙালির পাতুরি মানেই সাধারণত সর্ষে-মশলায় মাখানো ইলিশ। তবে নিরামিষ দিনেও পাতুরির স্বাদ উপভোগ করা যায়। মাছের বদলে পনির দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু পনির পাতুরি। গরম ভাতের সঙ্গে এই পদ জমে যাবে একেবারে।
কী কী লাগবে?
পনির, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচালঙ্কা, নারকেল কোরা, হলুদ, নুন, সর্ষের তেল এবং কলাপাতা। চাইলে স্বাদ অনুযায়ী সামান্য লঙ্কাগুঁড়োও ব্যবহার করতে পারেন।
কী ভাবে বানাবেন?
প্রথমে পনিরকে মাঝারি আকারের টুকরো করে কেটে নিন। এবার একটি পাত্রে সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকেল কোরা, হলুদ, নুন, কাঁচালঙ্কা কুচি এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এর পর ওই মশলার মধ্যে পনিরের টুকরোগুলি দিয়ে আলতো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এতে মশলার স্বাদ পনিরের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে।
এ বার কলাপাতা গরম জলে সামান্য নরম করে নিন। পাতার উপর মশলা মাখানো পনির রাখুন। উপর থেকে আরও একটু সর্ষের তেল ও একটি কাঁচালঙ্কা দিয়ে কলাপাতা ভালোভাবে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিন।
স্টিমারে জল গরম করে তার উপর পনিরের প্যাকেটগুলি রেখে ঢেকে দিন। মাঝারি আঁচে প্রায় ১০-১৫ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পনির পাতুরি।
গরম ভাতের সঙ্গে কলাপাতা খুলে পরিবেশন করুন। সর্ষে-পোস্তর ঝাঁঝ আর পনিরের নরম স্বাদের এই মেলবন্ধন নিরামিষের মেনুতেও এনে দেবে একেবারে অন্যরকম স্বাদ।







