বিশ্ব

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদে সায়, দিল্লির পাশে ইউরোপের চার দেশ

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব ভারত। এবার সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে ভারতের পাশে দাঁড়াল ইউরোপের চার দেশ—পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষে মত প্রকাশ করেছে ভি-৪ গোষ্ঠীভুক্ত এই চার দেশ।

৮ সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কে শুরু হয়েছে রাষ্ট্রসংঘের ৮১তমও সাধারণসভা। অধিবেশনের ফাঁকেই পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেই বৈঠকেই নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি নিজেদের সমর্থনের কথা জানান চার দেশের রাষ্ট্রপ্রধানরা।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার বলেন, গ্লোবাল সাউথের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা রাষ্ট্র হিসেবে ভারতের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়া প্রয়োজন। এই বিষয়ে ভি-৪ দেশগুলির মধ্যে ঐকমত্য রয়েছে বলেও জানান তিনি।

এদিকে রাষ্ট্রসংঘের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও সরব হন জয়শংকর। তাঁর বক্তব্য, বিশ্ব বর্তমানে একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক দশকে আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যে যে পরিবর্তন শুরু হয়েছিল, তা এখন আরও দ্রুত গতিতে এগোচ্ছে। তীব্র প্রতিযোগিতা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিভিন্ন সংঘাত এই পরিবর্তনের গতি আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতির যথাযথ মোকাবিলা করা না গেলে আন্তর্জাতিক সহযোগিতার মূল কাঠামো নিয়েই প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।

জয়শংকর বলেন, এই পরিবর্তিত পরিস্থিতিতে বহুপাক্ষিকতার ভূমিকা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা শুধুমাত্র কূটনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সরাসরি প্রভাব রয়েছে বিশ্বশান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের উপর।

বিশ্বশান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, নতুন প্রযুক্তির ব্যবহার, উন্নয়নের জন্য অর্থের জোগান, সন্ত্রাসবাদ দমন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা সচল রাখা, দুর্যোগ মোকাবিলা এবং ভবিষ্যতের মহামারীর জন্য প্রস্তুতির মতো একাধিক ক্ষেত্রে দেশগুলিকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানান বিদেশমন্ত্রী।

তাঁর কথায়, এখনও পর্যন্ত আন্তর্জাতিক ব্যবস্থায় যে সাফল্য অর্জিত হয়েছে, তা বিভিন্ন দেশের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাই ইতিমধ্যে অর্জিত সাফল্যগুলিকে ধরে রাখার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও কার্যকর ও উন্নত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার দিকে নজর দেওয়া প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.