এক সময় সংযুক্ত ছিলেন গেরুয়া শিবির অর্থাত্ বিজেপিতে। তবে এবার আর বিজেপি নয়, দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিখ্যাত অভিনেত্রী রিমঝিম। এদিন রাজভবনের সামনে অভিষেক ব্যানার্জির ধর্না মঞ্চে এসে তৃণমুল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি।
গত কয়েক দিন আগে দিল্লিতে কৃষি ভবনের সামনে ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের উদ্দেশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে ধর্না কে ঘিরে ধুন্ধুমার কান্ডের সৃষ্টি হয়েছিল। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন “রাজভবন চলো” অভিযানের। সেই অনুযায়ী গত ৫ই অক্টোবর রাজভবনের সামনে ধর্না শুরু হয়েছিল। আর আজ তার চতুর্থ দিন। এদিন ধর্না মঞ্চে তৃনমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে অভিনেত্রী রিমঝিম বলেন, “আমি এমন কারও নেতৃত্বে কাজ করতে চাই, যেখানে আমি কাজ করতে পারব।আমাকে কাজ করার সুযোগ দেওয়া হবে। দলের নেতা নেত্রীরা চিনবেন এবং বলবেন ইনি একজন সিনসিয়ার কর্মী।” তার কিছুক্ষণ পরেই গেরুয়া শিবিরকে কটাক্ষ করে রিমঝিম বলেন,”আমার মনে হয় না বিজেপি গরীব মানুষের টাকার জন্য লড়াই করে টাকা এনে দিতে পারবে। কারণ অনেক বিষয় নিয়ে ব্যস্ত। বাংলার বিজেপি কার নেতৃত্বে কাজ করবে, দিলীপ বাবু, সুকান্ত বাবু, শুভেন্দু বাবু?’ তিনি বলেন, ‘সত্যি সত্যি যে দল গরীব মানুষের জন্য লড়াই করছে,তৃণমূল কংগ্রেস,মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যদি আমাকে কাজের সুযোগ দেন, আমি তাঁদের হয়ে কাজ করতে চাইব।”







