স্ত্রীর আপত্তিকর ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে ব্ল্যাকমেল করছে স্বামী। যার জেরে সাইবার ক্রাইম থানা চত্বরে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুলিশ দফতরের কর্নজোড়ায়।
স্থানীয় সূত্রে খবর, বছর খানেক আগে ওই ডালখোলা লাগোয়া বিহারের ওই মহিলার সাথে এক পুরুষের বিবাহ হয়। অভিযোগ, বিয়ের পরেও তার স্বামী অন্য মেয়েদের সঙ্গে একাধিক সম্পর্কে লিপ্ত ছিলেন। স্বাভাবিকভাবেই গৃহবধূ প্রতিবাদ করায় স্বামী তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। স্ত্রী প্রতিবাদ করায় তাঁর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে স্বামী।প্রসঙ্গত, প্রায় সাত মাস আগে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী। তারপরও কোনও পদক্ষেপ না নেওয়ার থানা চত্ত্বরেই নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ।
ওই গৃহবধু প্রথমে করনদিঘি থানা ও পরে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। কিন্তু দীর্ঘ সাত মাস ধরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ গৃহবধূর।
অন্যদিকে,শুক্রবার ওই গৃহবধূকে থানায় ডাকা হয় অভিযুক্ত স্বামী ও তার আইনজীবীর সঙ্গে বসে এ বিষয়ে আলোচনা করার জন্য। কিন্তু এদিনও থানার পুলিশ কর্মীরা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করায় এক প্রকার নিরুপায় হয়েই ওই গৃহবধু নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন।
এই খবর জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় পুলিশ প্রশাসনের অন্দরে। খবর পেয়ে রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ আধিকারিক ও রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি ট্রাফিকরা রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় হাজির হন। ওই গৃহবধুর সঙ্গে কথা বলার পর পুলিশ প্রশাসন ওই গৃহবধূর পাশে থাকার আশ্বাস ও তদন্ত চলছে বলে জানান।







