রাজ্য

সুপ্রিম নির্দেশে গতি এসআইআর প্রক্রিয়ায়, হাইকোর্টে দৈনিক রিপোর্ট জমা দেবে কমিশন

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখতে গঠিত বিচারক কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিলেও তা দ্রুত মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল।
সোমবার তিনি জানান, প্রক্রিয়া এখন স্বাভাবিক গতিতেই এগোচ্ছে এবং কমিশনের তরফে প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেওয়া হচ্ছে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে ওঠা আইনি প্রশ্ন স্পষ্ট করতে এদিন গুরুত্বপূর্ণ বৈঠক হয় Calcutta High Court-এ। নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে প্রধান বিচারপতির এই বৈঠকে বিচার বিভাগের তরফে উত্থাপিত একাধিক প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুজয় পাল, বিচারপতি তপোব্রত চক্রবর্তী, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, রেজিস্টার জেনারেল, রাজ্যের মুখ্য সচিব, বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিক এবং জেলা বিচারকরা।
আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—নির্বাচন কমিশন প্রতিদিন এসআইআর সংক্রান্ত অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে জমা দেবে। কমিশনের চালু করা বিশেষ পোর্টালের প্রদর্শনও এদিন করা হয়। সেখানে কীভাবে নথি আপলোড, যাচাই এবং প্রয়োজন হলে মুছে ফেলা হবে, তার পূর্ণাঙ্গ প্রক্রিয়া বিচার বিভাগীয় আধিকারিকদের সামনে তুলে ধরা হয়।
বিচারক ও বিচার বিভাগীয় আধিকারিকরা কীভাবে নথি পরীক্ষা করবেন, কী ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন এবং আবেদন গ্রহণ বা বাতিল হলে তার কারণ কীভাবে জানানো হবে—সেই পদ্ধতিও স্পষ্ট করা হয়েছে। কমিশনের দাবি, এসআইআর ঘিরে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, তার অধিকাংশেরই ব্যাখ্যা ইতিমধ্যে দেওয়া হয়েছে।
কমিশন আরও জানিয়েছে, সংশ্লিষ্ট জুডিশিয়াল অফিসারদের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্যবস্থাও থাকবে।
হাইকোর্ট সূত্রে খবর, প্রধান বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন—নির্ধারিত নির্দেশিকার বাইরে কোনও পদক্ষেপ করা যাবে না। কমিশনের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে, সমস্ত নিয়ম মেনেই কাজ এগোনো হবে এবং বিচার বিভাগকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।
সংশ্লিষ্ট মহলের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশ, হাইকোর্টের পর্যবেক্ষণ এবং নির্বাচন কমিশন ও বিচার বিভাগের সমন্বিত প্রয়াস—এই তিন স্তম্ভের উপর ভর করেই এসআইআর প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুসংগঠিত পথে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা তৈরি হল। ভবিষ্যতে নতুন আইনি প্রশ্ন উঠলে ফের বৈঠক হতে পারে, যদিও আপাতত তেমন কোনও নির্দেশ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.