বিভিন্ন কারণে বাবা মায়েরা শিশুর হাতে মোবাইল ফোন তুলে দেন। সেটা নিয়ে সময় কাটাতে কাটাতে মোবাইল ফোনের ওপর শিশুর আসক্তি তৈরি হয়ে যায়। বাইরে খেলতে না যেয়ে শিশু স্মার্টফোন নিয়ে বসে থাকে। খাবার সময়ও তার মোবাইল ফোন চাই। এভাবে চলতে থাকলে শিশুর নানা রকম শারীরিক ও মানসিক ক্ষতি হয়ে যায়। আসুন জেনে নিই ফোন থেকে শিশুকে কিভাবে দূরে রাখবেন।
শিশুর সামনে মোবাইল বেশি ব্যবহার নয় :-সন্তানকে বারণ করার আগে অভিভাবক বা পরিবারের অন্য সদস্যদের সতর্ক হতে হবে। তাদের সামনে দীর্ঘক্ষণ ফোন নাড়াচাড়া করলে শিশুরাও ফোনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। দিনে একটা সময় পর অভিভাবকদেরও ফোন ব্যবহারে লাগাম টানতে হবে।
শিশুকে অন্য কিছুতে মনোযোগ করান:-আপনি তাদের শারীরিক কাজ, ছবি আঁকা, খেলায় ব্যস্ত রাখুন। এর জন্য বাজার থেকে এমন খেলনা আনতে পারেন যাতে শরীরে পরিশ্রম হয়। শিশুর পছন্দ বুঝে খেলার সামগ্রী আনুন। সাইকেল এনে দিন। ক্যারম আনুন, দাবা খেলা শেখান, লুডো খেলতে পারেন। এই ধরনের সৃজনশীল কাজ করার প্রতি শিশুর আগ্রহও বাড়তে থাকবে এবং সে এসব কাজে বেশি সময় ব্যয় করবে।
বাচ্চাকে বেশি সময় দিন:-বাচ্চা দিনের অনেকটা সময় একা থাকলে খিটখিটে হয়ে যায় ও বায়না বেশি করে। বাচ্চার সাথে যতটা সম্ভব বেশি সময় কাটান। তাকে গল্প বলুন, বাইরে ঘুরতে নিয়ে যান, নিজে সারাদিন কী করলেন বলুন এবং ওর কাছেও জানতে চান। ওর সাথে এমন একটা সম্পর্ক তৈরি করুন যে, আপনি কিছু বললে সেটা ও নির্দ্বিধায় মেনে নেবে। আপনার মতের বিরুদ্ধে কোনও কাজ করতে ওর মন সায় দেবে না একেবারেই। মোবাইল ফোন ব্যবহার যে ভালো নয়, এটা গল্প করে, ছবি দেখিয়ে বাচ্চাকে বোঝানোর চেষ্টা করুন।
খেলার মাঠ:-আপনার বাড়ির আশেপাশে খেলাধুলার মাঠ থাকলে আপনার সন্তানকে সেখানে খেলতে দিন। খেলার মাঠে পাঠাতে না পারলে সপ্তাহে একদিন তাকে নিয়ে শিশু পার্কে যান। প্রকৃতির সান্নিধ্যে রাখার চেষ্টা করুন। তাকে তার শৈশব উপভোগ করতে দিন। হাঁটতে হাঁটতে গাছ, ফুল, পাখিদের সঙ্গে পরিচয় করান। এতে তার মোবাইল ফোনের প্রতি আসক্তি কমবে। ভুলেও আপনার সন্তানকে খাওয়া আর ঘুমানোর সময় মুঠোফোন হাতে দেবেন না। মোবাইল ফোন রাখুন আপনার সন্তানের নাগালের বাইরে।







