মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত দীর্ঘদিন ধরে চলতে থাকলে তার বড় প্রভাব পড়তে পারে গোটা বিশ্বের অর্থনীতিতে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দীর্ঘ সময় ধরে বেশি থাকলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে বলে সতর্ক করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)।
সোমবার এক আন্তর্জাতিক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে আইএমএফ-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতাকে আবারও বড় পরীক্ষার মুখে ফেলছে। তাঁর কথায়, নতুন করে তৈরি হওয়া এই সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি বিঘ্ন তৈরি করলে তার সরাসরি প্রভাব পড়বে জ্বালানির দামের উপর এবং সেই সূত্রেই বাড়তে পারে মূল্যবৃদ্ধি।
আইএমএফের হিসাব অনুযায়ী, যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পায় এবং বছরের বেশিরভাগ সময় সেই দাম বজায় থাকে, তবে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি প্রায় ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে। এই পরিস্থিতিতে নীতিনির্ধারকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে জর্জিয়েভা বলেন, বর্তমান বৈশ্বিক পরিবেশে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
ইরান, আমেরিকা এবং ইজরায়েলকে ঘিরে উত্তেজনা বাড়ার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিমধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণে বিঘ্ন ঘটার আশঙ্কা বাড়ছে। বিশ্বের মোট তেল পরিবহণের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়েই হয়।
এদিকে ভারতের অর্থমন্ত্রকের সাম্প্রতিক অর্থনৈতিক পর্যালোচনা রিপোর্টেও বলা হয়েছে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে ভারতের অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি প্রায় ৮০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি-র দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
তবে অর্থমন্ত্রকের মতে, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি, পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার ভান্ডার এবং স্থিতিশীল বৃদ্ধির হার ভারতের অর্থনীতিকে কিছুটা সুরক্ষা দিচ্ছে। অনুমান করা হচ্ছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার প্রায় ৭.৬ শতাংশ হতে পারে।







